ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা
×

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৭:৫২

রাজধানীতে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

সরকারের আশা, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

তাঁর সঙ্গে বাজার পরিদর্শনে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। পরিদর্শনের সময় মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাঁরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, দাম ও সামগ্রিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, বাজারের প্রকৃত চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। পরে তাঁরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আমদানি ও অন্যান্য পদক্ষেপের ফলে বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।

আরও পড়ুন

×