ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রেটিনা চিকিৎসায় অবদানের স্বীকৃতি, পুরস্কার পেলেন ডা. নিয়াজ আবদুর রহমান

রেটিনা চিকিৎসায় অবদানের স্বীকৃতি, পুরস্কার পেলেন ডা. নিয়াজ আবদুর রহমান
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ০৪:০৮

বাংলাদেশে আধুনিক রেটিনা সার্জারির অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. নিয়াজ আবদুর রহমান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন এশিয়া প্যাসিফিক ভিট্রিও-রেটিনা সোসাইটির (এপিভিআরএস) ২০২৬ সালের ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন।

ভিট্রিও-রেটিনা রোগের চিকিৎসায় দীর্ঘদিনের অসামান্য অবদান, পেশাগত নেতৃত্ব এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ আন্তর্জাতিক পরিসরে রেটিনা চিকিৎসার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত এপিভিআরএসের ২০২৬ সালের সম্মেলনে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডা. নিয়াজ আবদুর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত গোল্ড কোস্ট কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের প্রদর্শনী হলের মঞ্চে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।

পুরস্কারের জন্য ডা. নিয়াজ আবদুর রহমানকে নির্বাচনের ক্ষেত্রে তাঁর অনুকরণীয় নেতৃত্ব ও দীর্ঘদিনের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশে আধুনিক ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও অস্ত্রোপচারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি দেশের রেটিনা চিকিৎসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতেও তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে।

ডা. নিয়াজ আবদুর রহমান বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রেটিনা চিকিৎসায় তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতিকে বাংলাদেশের চক্ষু চিকিৎসা খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আধুনিক ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও সার্জারিতে তাঁর দীর্ঘদিনের কাজ দেশের চিকিৎসকদের আন্তর্জাতিক পরিসরে অবদান রাখার সক্ষমতাকেও তুলে ধরেছে।

আরও পড়ুন

×