নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর ৫৩ লাখ পাউন্ডের বিদেশি সম্পদ জব্দের নির্দেশ
নজরুল ইসলাম। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২৫
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের বিদেশের একটি ব্যাংকে রাখা ৫৩ লাখ পাউন্ড মূল্যের অর্থ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালদত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের নামে যুক্তরাজ্যের ইউবিএস ব্যাংকের জার্সির ব্রাঞ্চে ওই অর্থ জমা রেখেছেন। ওই ব্যাংক হিসাবে ৫ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ৫৩ লাখ পাউন্ড জমার তথ্য-প্রমাণ রয়েছে দুদকের হাতে।
আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আইল অব ম্যানের ঠিকানায় নিবন্ধিত ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড ২০১৯ সালের ১৭ মে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটির নামে ইউবিএস জার্সিতে ব্যাংক হিসাব খোলা হয় একই বছরের ২ অক্টোবর। নজরুল ইসলাম মজুমদার, তার পরিবারের সদস্য ও সহযোগীরা বিভিন্ন অনিয়মের মাধ্যমে বাংলাদেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। এসব অর্থের একটি অংশ যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংয়ে স্থানান্তর করা হয়েছে।
বিদেশে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি। বিদেশে অর্জিত সম্পদের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দাখিল করা আয়কর বিবরণীতেও গোপন করা হয়েছে। নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে দুটি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। এর মধ্যে ২০ আগস্ট ২০২৫ করা অর্থ পাচারের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জার্সির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যাংক হিসাব এবং ওই প্রতিষ্ঠানের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ দিয়েছেন।