ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি দেখলেন স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের নোটিশের নির্দেশ

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি দেখলেন স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের নোটিশের নির্দেশ
×

সচিবালয়ে বসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৪

দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পর্যবেক্ষণের সময় কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বসে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যালোচনা করেন।

পর্যবেক্ষণে কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি দেখতে পান মন্ত্রী। পরে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে।

মন্ত্রী বলেন, এখন থেকে তিনি নিজ কার্যালয়ে বসেই নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×