ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করার দাবি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করার দাবি
×

মজিবুর রহমান মঞ্জু

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

সিন্ডিকেট নয়; স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দাবি জানিয়েছেন বক্তারা। অভিবাসন ব্যয় কমিয়ে আনার দাবি করে তারা বলছেন, সরকার নির্ধারিত খরচের বাইরে কেউ যাতে শ্রমিকদের কাছ থেকে টাকা নিতে পারে। 

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি: সিন্ডিকেট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এবি পার্টির মুক্ত আলোচনা সভায় এসব দাবি করেন বক্তারা। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিন, ফখরুল ইসলাম প্রমুখ। 
মজিবুর রহমান মঞ্জু বলেন, সিন্ডিকেট নয়; স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতায় সব এজেন্সিকে কাজের সুযোগ দিতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট থেকে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মীদের জেনে-বুঝে বিদেশ যেতে হবে। 

ড. আসাদুজ্জামান রিপন বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। শ্রমিকরা বিদেশে গিয়ে ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠান। অথচ ধনীদের সন্তানরা বিদেশে পড়তে গিয়ে দেশের টাকা নিয়ে যান। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। 
ড. আবু আহমেদ বলেন, নির্দিষ্ট ২৫টি কোম্পানির মধ্যে জনশক্তি রপ্তানির সুযোগ সীমাবদ্ধ না রেখে এটি উন্মুক্ত করা হলে প্রতিযোগিতা বাড়বে এবং শ্রমিকদের বিদেশ যাওয়ার খরচ কমবে। ধান্দাবাজদের দেশ থেকে দূর করতে হবে। 
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবাসী শ্রমিকদের মানুষ হিসেবে না দেখে পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। রেমিট্যান্স যোদ্ধা বলে শুধু গর্ব করলেই হবে না; অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে তাঁর সঙ্গে সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিতি আমিনুল ইসলাম আবদুর নূরের সাক্ষাতের ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, প্রবাসীদের নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। 
এমপি নাজিবুর রহমান মোমেন বলেন, কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কীভাবে ১৭টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হলো– এর জবাব দিতে হবে।

আরও পড়ুন

×