এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:১৫
দেশের ৫৩৩২টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ। দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর বিনা বেতনে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় এসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সামিয়া জামান পান্না।
তিনি বলেন, বর্তমানে দেশে ৫৩৩২টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৬৮ হাজার শিক্ষক-কর্মচারী বছরের পর বছর বিনা বেতনে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান– স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স একযোগে এমপিওভুক্ত করার দাবিতে দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, একজন শিক্ষক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কাজ করলে তিনি বেতন ও সুযোগ-সুবিধা পাবেন, আর একই ধরনের দায়িত্ব পালন করা নন-এমপিও শিক্ষক বছরের পর বছর বিনা বেতনে থাকবেন, এই বৈষম্য দূর করা প্রয়োজন।
- বিষয় :
- এমপিওভুক্তি