অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে শিক্ষকদের দাবির বিষয়ে যা জানাল পুলিশ
ছবি-সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৪
‘স্কুলছাত্র অপ্রতিমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়’ গত রোববার সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার এমন দাবি করার এক দিন পরই এ বক্তব্য প্রত্যাখান করে ভিন্ন দাবি জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে গ্রেপ্তার ৪ আসামির প্রকৃত বয়স নির্ধারণে তাদের ডিএনএ পরীক্ষার দাবি জানানো হয়। সোমবার কুবি ক্যাম্পাসে পৃথক মানববন্ধনে হত্যার প্রকৃত রহস্য বের করতে এসব দাবি জানানো হয়।
তবে এ দাবির বিষয়ে রাতে সমকাল কথা বলেছে কুমিল্লা জেলা পুলিশের সাথে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান সমকালকে বলেন, ‘তদন্ত সবেমাত্র শুরু হলো। তদন্ত শেষ করতে অনেক সময় দরকার। সব কিছু তদন্তের আওতায় আসবে।’
এর আগে সোমবার সকাল সাড়ে দশটায় অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবির শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে। এতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা বলেন, ‘আমি কাল (রোববার) রাতে ১২টা পর্যন্ত ম্যাডামের (অপ্রতিমের মা) সঙ্গে ছিলাম। তিনি আমাকে কিছু কথা জানিয়েছেন। চারজন অভিযুক্তকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ফাহাদ। সে প্রায় ১০ দিন আগে ম্যাডামের স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নিয়েছিল। এ ছাড়া ম্যাডাম যখন সহকারী প্রক্টর ছিলেন, তখন তিনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছিলেন। ওই সময় তিনি কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। তাদের মধ্যে দুজন নাকি তুহিনের কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।’
ড. শীলার ভাষ্য, ‘ম্যাডাম চান, পুলিশ তদন্ত করে বিষয়টি বের করুক—এই প্রতিশোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে কি না। কিংবা বিষয়গুলোর সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন ড. নাহিদা বেগম।’ ড. শীলা বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা অপ্রাপ্তবয়স্ক বলে দাবি করা হচ্ছে, তারা আদৌ অপ্রাপ্তবয়স্ক কি না। তা ডিএনএ টেস্টের মাধ্যমে যাচাই করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।’ এ ছাড়া ম্যাডাম জোর দাবি জানিয়েছেন, ‘প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অপরাধীদের যেন উপযুক্ত সাজা নিশ্চিত করা হোক।’
অপ্রতিম হত্যার তদন্ত নিয়ে পরিবার ও শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান আরও বলেন, মোবাইল ছাড়াও এখানে আর্থিক, কিশোর গ্যাং সংশ্লিষ্টতার যোগসূত্র আছে কিনা তদন্ত করে দেখা হবে। এছাড়াও আসামিদের প্রকৃত বয়স নির্ধারণ করতে বিধিমোতাবেক যা যা করার সব করা হবে। ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য ‘আসামিদের শেল্টারদাতা বের করতে তাদের মোবাইল কল লিস্টও যাচাই করা হচ্ছে।’
গত শুক্রবার কুবি সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হন অপ্রতিম। পর দিন কুবির অদূরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তারের বিষয়টি জানান। এ পর্যন্ত এ হত্যায় সরাসরি জড়িত সাইফুল ইসলাম তুহিন (১৯), ১৫ ও ১৬ দুই কিশোর ও সিয়ামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সিয়াম ছাড়া অপর ৩ জন গতকাল রাতে কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর দুই কিশোরকে সোমবার সকালে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া তুহিন ও সিয়াম কুমিল্লা কারাগারে আছেন।