তেলের দাম বাড়িয়ে গদি রক্ষা হবে না: গোলাম পরওয়ার
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৭
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমে এসেছে, পরবর্তীতে দেখা যাবে গ্রামগঞ্জ থেকে মানুষ লংমার্চ নিয়ে ঢাকার দিকে ছুঁটছে। তখন কিন্তু গদি রক্ষা করা যাবে না।
নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, বিএনপি সরকার সাত মাসে তিন বার তেলের দাম বৃদ্ধি করেছে।
বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করে তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তাঁকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেছিল জামায়াত। ওই সরকারও বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যর্থতায় বেকায়দায় পড়েছিল। এখনও আবার সেই টুকুকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জনগণকে দুর্ভোগে ঠেলে দেওয়া হয়েছে। জনগণ এখন বলে, 'টুকু যায় আর আসে'।
মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেন, সাত মাসে তিনবার তেলের দাম বৃদ্ধি করে সরকার জনগণের ঘাড়ে ভোগান্তির বোঝা চাপিয়ে দিয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়লেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে তারা সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণবিরোধী সরকারে পরিণত হয়েছে।
তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করতে না পারলে ক্ষমতা থেকে বিদায় নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেন, প্রশাসনে দলীয়করণ করে, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না।
সমাবেশ শেষে উত্তর গেট থেকে মিছিল করে বিজয়নগর পর্যন্ত যান জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী।
- বিষয় :
- গোলাম পরওয়ার
- জ্বালানি তেল