অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম
রুহুল কবির রিজভী
বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মূল্য সমন্বয়ের পরও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। জাপানে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১ দশমিক শূন্য ৭ ডলার আর বাংলাদেশে আগে ছিল দশমিক ৩০০ ডলার। তাই কম দামে জ্বালানি সরবরাহের বিকল্প কী হতে পারে, তা সংশ্লিষ্টদের বলতে হবে।
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকারের জনস্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে নানা ধরনের অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি এবং খাল খননের মতো উদ্যোগের মাধ্যমে সরকার দেশের উৎপাদন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে কাজ করছে। একই সঙ্গে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্ব আরোপ এবং বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ যতই এগোচ্ছে, পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। জ্বালানি তেলের জাহাজগুলো হরমুজ প্রণালির পথ দিয়ে আসে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে সরকারকে দায়ী করা হচ্ছে। অথচ জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে সরকার প্রতি মাসে প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা লোকসান দিচ্ছিল। দেশে মোট জ্বালানি তেলের ব্যবহার ৭০ লাখ টন, যার মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন।
রিজভী বলেন, বাংলাদেশে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা আর ভারতে তা ১৩৪ টাকার কিছু বেশি। ফলে ডিজেল পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশকে ডিজেল কিনতে হয় প্রতি লিটার ২৫০ টাকা দরে। আগে ১১৫ টাকা দরে বিক্রি করায় প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান দিতে হতো। এখন ২০ টাকা মূল্য সমন্বয় করার পরও প্রতি লিটারে ৭০ টাকা লোকসান দিতে হবে।
- বিষয় :
- রুহুল কবির রিজভী