ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান
×

ছবি: পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৯

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ককটেল ফুটিয়ে বা বাসে আগুন লাগিয়ে সংকট তৈরি করা যাবে না। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন লেগেছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘এ মুহূর্তে কোন রাজনৈতিক সংকট দেখছে না সরকার। বিরোধী দলের লংমার্চ করছে, এক দফাও দিয়ে দিচ্ছে। এই সরকার ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছে ও থাকবে, বিরোধী দলকে তা মেনে নিয়েই রাজনীতি করা উচিত। আওয়ামী  লীগের কয়েকটা ককটেল বিস্ফোরণ করে কোনো সংকট তৈরি করা যাবে বলে মনে করি না।’ 

এ সময় তিনি আরও জানান, ব্যয় কমাতে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সফরটা দীর্ঘ ছিল। পরে তিনি (প্রধানমন্ত্রী) এটা সংক্ষিপ্ত করেন। কারণ দীর্ঘ সফরের চেয়ে কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী। আপনারা খেয়াল করবেন খুব ছোট একটা দল নিয়ে তিনি সফরে গেছেন। একই সঙ্গে দেশ নানানরকম ভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে দেশে থাকা তার জন্য নিশ্চয়ই আরও বেটার প্রায়োরিটি।’

আরও পড়ুন

×