স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত
বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৩
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতি লাগবে, কী ধরনের কাঠামো লাগবে, তার সঠিক ও সার্বিক কোনো পরিকল্পনা ছিল না। বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালের সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে।
ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা প্রয়োজন।
সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান
রাষ্ট্রপতি নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসনকে উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা উচিত।
বৃহস্পতিবার বঙ্গভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
ড. তাসনিম সিদ্দিকী আরএমএমআরইউর ৩০ বছরের গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন অর্জন সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।
আরএমএমআরইউর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার, উপনির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক মারিনা সুলতানা এবং সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি প্রতিনিধি দলে ছিলেন।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্ব
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ
রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন। তিনি রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি ও কালিবাউস ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।
- বিষয় :
- রাষ্ট্রপতি
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর