ধর্মীয় সংখ্যালঘু নারীদের নিরাপত্তায় কঠোর আইন প্রয়োগের আহ্বান
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৩
ধর্মীয় সংখ্যালঘু নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সামাজিক অধিকার রক্ষা এবং নীতি-নির্ধারণী পর্যায়ে সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে সংখ্যালঘু নারীদের প্রতি সব ধরনের বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সম-অধিকার ও সম-মর্যাদা রক্ষায় বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ’-এর উদ্যোগে ‘ধর্মীয় সংখ্যালঘু নারীর অধিকার ও নিরাপত্তা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী জয়ন্ত সেন দীপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেব, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস বিশ্বাস সাধন এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু নারীরা নানা ক্ষেত্রে বৈষম্য, নির্যাতন ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি নারী ও সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।