ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

 ক্যাম্পাস ডেস্ক 

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৬

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ইন্টারউইভেন সিভিলাইজেশনস দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশের দীর্ঘদিনের কারুশিল্প, বয়ন ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী। তিনি বিজিএমইএর সভাপতির পক্ষে অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম হংহে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মোহিউদ্দিন তাহের।

বিইউএফটির উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন চেংদু কিংগং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি পু বিংইউয়ান এবং বাংলাদেশে চীনা উদ্যোগ সমিতির বস্ত্র ও পোশাক শাখার সভাপতি গে ঝেনইউ। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল লেইজু কলেজ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিইউএফটির সহ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিইউবিটির আইন ও বিচার বিভাগের বিএসি অ্যাক্রেডিটেশন অর্জন


বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এ অ্যাক্রেডিটেশন আইন শিক্ষার গুণগত মান ও নির্ধারিত একাডেমিক মানদণ্ড পূরণের ক্ষেত্রে বিভাগের অবস্থানকে আরও সুসংহত করেছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক কার্যক্রমের গুণগত মান যাচাই এবং অ্যাক্রেডিটেশন প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। নির্ধারিত মানদণ্ড ও মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তিতে অ্যাক্রেডিটেশন প্রদান করা হয়।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আইন শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের একাডেমিক কার্যক্রমের গুণগত মান মূল্যায়নের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয়েছে। v
 

আরও পড়ুন

×