ক্যারিয়ার
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৯
ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা : আবেদনকারীর ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের যে কোনো একটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, প্রকৌশল, আইন ও বিজ্ঞানসংশ্লিষ্ট বিষয় রয়েছে।
ভর্তি পরীক্ষা-ভর্তি প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গবেষণাপদ্ধতি বিষয়ে প্রশ্ন থাকবে। মোট ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) বেলা ১১টায়। পরীক্ষার সময় ৯০ মিনিট।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগীয় অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাবির জাপানিজ স্টাডিজে প্রফেশনাল স্নাতকোত্তরে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি এ প্রোগ্রামটি দুই সেমিস্টারে মোট ৪৪ ক্রেডিট আওয়ারে সম্পন্ন হবে।
চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে প্রোগ্রামটির নিয়মিত ক্লাস প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ ক্লাস অনলাইনে করার সুযোগ থাকবে।
আবেদনকারী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী বছরের প্রথম দিনে ক্লাস শুরু হবে এ প্রোগ্রামের।
গ্রন্থনা : তারিক হাসান
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়