ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফাহমিদুল হকের নামে মামলা বাতিলের দাবি

ফাহমিদুল হকের নামে মামলা বাতিলের দাবি
×

অধ্যাপক ফাহমিদুল হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৭ | ১১:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকের নামে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার প্রতিবাদে এবং ওই ধারা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ লেখক ঐক্যর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
 
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, ‘ অধ্যাপক ফাহমিদুল হকের মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে যখন এমন একটি বিতর্কিত আইনে মামলা করা হয়, তখন এ ধারার অপপ্রয়োগের দিকটি সহজেই বোঝা যায়। ফাহমিদুল হকের প্রতিবাদী চরিত্রকে রোধ করার জন্যই এ মামলা করা হয়েছে।’
 
তারা বলেন, ‘দ্রুত এই উদ্দেশ্যপ্রণোদিত মামলা তুলে নিতে হবে। না হলে এর বিরুদ্ধে লেখক-সমাজের উদ্যোগে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।’
 
বক্তারা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রয়োগের মাধ্যমে দেশের লেখক, সাংবাদিক ও নানা পেশার মানুষকে যেভাবে হেনস্তা করা হচ্ছে তার প্রতিবাদ করেন। তারা দ্রুত ৫৭ ধারার মতো কালাকানুন বাতিল করার দাবি জানান।
 
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছিলেন সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক রাখাল রাহা, সহ-সভাপতি প্রাবন্ধিক আরশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক কবি শওকত হোসেন, কবি চঞ্চল আশরাফ, সমাজকর্মী জাকিয়া শিশির, সাদিয়া জেরিন পিয়া, আইনজীবী হাসনাত কাইয়ুম, ইফতেখার আহমেদ বাবু, হাসান ইকবালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপবাদের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ রাজধানীর শাহবাগ থানায় বুধবার এ মামলা করেন।
 
মামলার এজাহারে বাদী অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেনন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস ২০১৬  ৬ষ্ঠ ব্যাচের ফেসবুক গ্রুপে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হক তার ফেসবুক আইডি থেকে আমাকে উদ্দেশ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। উক্ত গ্রুপটিতে ৬৯ জন সদস্য রয়েছে। গ্রুপের সদস্যদের কাছে আমার মান সম্মানের হানি ঘটেছে। এছাড়া অফিসের কিছু গোপন তথ্য তার পোস্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা সম্পূর্ণ বেআইনি ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

অধ্যাপক ফাহমিদুল হক এ বিষয়ে সমকালকে বলেন, 'মানহানি হলে সেটা তার হতেই পারে, আমি যা লিখেছি তা সুস্থ জ্ঞানেই লিখেছি। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। এটি যেহেতু একটি আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াই এটির মোকাবেলা করব।'

আরও পড়ুন

×