বিমান-বেবিচকে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯ | ১৬:০৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আটটি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১১টিসহ মোট ১৯ ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান রোববার সচিবালয়ে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেন। দুদকের একাধিক টিম অনুসন্ধান করে এসব দুর্নীতির উৎস চিহ্নিত করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে দুর্নীতি প্রতিরোধে যথাযথ সুপারিশ করা হয়েছে। দুদকের প্রতিবেদন জমা দেওয়ার সময় মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমানের দুর্নীতি চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ায় দুদককে স্বাগত জানিয়ে বলেন, শুধু দুর্নীতি নয়, যারা কাজে অবহেলা করবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দুদকের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হবে। চিহ্নিত দুর্নীতির উৎসগুলো বন্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তার সবই করা হবে। তার মন্ত্রণালয়ে দুর্নীতিবাজের স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওই সময় দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীর শূন্য সহনশীল (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুর্নীতির আটটি খাতে রয়েছে- বিমান ক্রয় ও লিজ, রক্ষণাবেক্ষণ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি-রফতানি, যাত্রী, অতিরিক্ত ব্যাগেজের চার্জ আত্মসাৎ, টিকিট বিক্রি ও ফুড ক্যাটারিং। এই আটটি ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে আটটি সুপারিশও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
অনুসন্ধানে বেবিচকের কার্যক্রম পরিচালনায় ১১টি ক্ষেত্রে দুর্নীতি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- কেনাকাটা, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ, সম্পত্তি ব্যবস্থাপনা, বিমানবন্দরের স্পেস, স্টল ও বিলবোর্ড ভাড়া, পরামর্শক নিয়োগ, কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ, মন্ট্রিল কনভেনশন বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, মেরামত ও রক্ষণাবেক্ষণ, পাইলট, ফ্লাইং ইঞ্জিনিয়ার ও এয়ারক্রাফটের লাইসেন্স প্রদান, ফ্লাইট ফ্রিকোয়েন্সি ও সিডিউল অনুমোদন এবং অপারেশনাল কাজে দুর্নীতি।
এসব দুর্নীতি প্রতিরোধে ১১টি সুপারিশ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
- বিষয় :
- বিমান-বেবিচক
- দুদক