বনানী লেকে ডুবে যাওয়ার ২০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশুটি
নিখোঁজ সোহাগ -সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০১৯ | ১৫:৫৩ | আপডেট: ০৫ মার্চ ২০১৯ | ১৬:০১
রাজধানীর বনানী লেকের পানিতে ডুবে যাওয়ার ২০ ঘণ্টায় উদ্ধার হয়নি নিখোঁজ শিশুটি।
গত সোমবার রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরে কল করে স্থানীয় একজন শিশুটির ডুবে যাওয়ার খবর জানান। সোমবার সারারাত ও মঙ্গলবার দিনভর চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে ডুবে যাওয়া শিশুটির বাবা-মা কিংবা কোনো অভিভাবক ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আরশাদ হোসেন বলেন, সোমবার রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরে কল করে একজন জানান, বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন আনসার ক্যাম্পের পাশে একটি শিশু লেকের পানিতে ডুবে গেছে। খবর পেয়েই সেখানে ডুবুরি পাঠানো হয়। শিশুটির সন্ধানে রাতভর পুরো লেকে তল্লাশি অভিযান চলে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেকের পানির তলদেশেও ডুবরিরা তল্লাশি চালান। কিন্তু শিশুটির সন্ধান মেলেনি। পরে সন্ধ্যা ৬টার সময় তল্লাশি স্থগিত করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তাদের সঙ্গে শিশুটির পরিবারের কেউ যোগাযোগ করেনি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লেকের পানিতে ডুবে যাওয়া শিশুটির নাম সোহাগ। তার বাবার নাম শরীফুল ইসলাম।
বনানী থানার সহকারী উপপরিদর্শক সাহাবুর রহমান জানান, একটি শিশু পানিতে ডুবে যাওয়ার খবরে তিনিও ঘটনাস্থলে যান। কিন্তু কোনো অভিভাবক পাওয়া যায়নি। থানাতেও কেউ অভিযোগ করেনি। তিনিও স্থানীয়দের কাছ থেকে শুনেছেন শিশুটির নাম সোহাগ।
লেকটির অংশ গুলশান থানা এলাকাতেও পড়েছে। শিশুটির বিষয়ে ওই থানাতে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, এমন খবর তারা শুনলেও কেউ অভিযোগ করেনি।