ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত

উত্তরায় ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৫:৪৯

রাজধানীর উত্তরার রুয়াপ (রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট) ১৭ নম্বর সেক্টরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’। রুয়াপ স্কেটিং ক্লাব এবং উত্তরা ফ্রেন্ডস ক্লাব স্কেটিং একাডেমির যৌথ আয়োজন এবং জেসিআই ঢাকা ডায়নামিকের সহ-আয়োজনে শুক্রবার এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। শিশু ও তরুণদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ম্যারাথনে ৩০০-এর বেশি স্কেটার অংশগ্রহণ করে। পাশাপাশি ৮০০-এর বেশি অভিভাবক, দর্শক, অতিথি ও স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাবেদ, লুৎফর রহমান, মো. নাঈম, আশরাফুল আলম মাসুম, ব্রিগেডিয়ার ইসলাম সিদ্দিক, মো. মনোয়ারুল ইসলাম, আশরাফ হিল সাফিক, প্রফেসর মো. কামাল পাশা, মো. শহিদুর রহমান এবং জেসিআই ঢাকা ডায়নামিকের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট অরূপা দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্কেটিং একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রীড়া, যা শিশুদের শারীরিক ফিটনেস বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস, মনোযোগ, শৃঙ্খলা, ভারসাম্য রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও সৃষ্টি হয়। 

বক্তারা আরও উল্লেখ করেন, জেসিআই-এর চারটি মূল ভিত্তি—ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক প্রভাব, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে স্কেটিংয়ের লক্ষ্য ও দর্শনের গভীর মিল রয়েছে। বিশেষ অতিথিরা শিশুদের প্রযুক্তিনির্ভর জীবনধারা থেকে বের করে আনতে এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

জেসিআই ঢাকা ডায়নামিকের লোকাল প্রেসিডেন্ট অরূপা দত্ত তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার জন্য খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। 

তিনি আরও জানান, জেসিআই ঢাকা ডায়নামিক বিশ্বাস করে স্কেটিং শুধু একটি খেলা নয়, এটি আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরির একটি কার্যকর মাধ্যম এবং ভবিষ্যতেও তরুণ প্রজন্মের উন্নয়নে তারা এমন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

সবশেষে বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল সহযোগী প্রতিষ্ঠান, অংশগ্রহণকারী ও অভিভাবকদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×