ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেওড়াপাড়া থেকে শিশু অপহরণ, দুদিনেও খোঁজ মেলেনি

শেওড়াপাড়া থেকে শিশু অপহরণ, দুদিনেও খোঁজ মেলেনি
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৬ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫৪

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে অপহরণের শিকার শিশুর খোঁজ মেলেনি দুদিনেও। নুসরাত জাহান নামে সাত বছরের ওই শিশুকে গত বৃহস্পতিবার বিকেলে অপহরণ করা হয়। সিসিটিভিতে দৃশ্যটি ধরা পড়েছে। খবর পেয়ে ওই রাতেই সম্ভাব্য স্থানগুলোয় অভিযান চালায় পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার সমকালকে বলেন, শিশু অপহরণের ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ। তাঁকে খুঁজে বের করতে সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে। 
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে কালো সালোয়ার-কামিজ পড়া এক নারীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। তারা একটি রিকশায় ওঠেন। ধারাবাহিকভাবে একটির পর একটি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগারগাঁও পর্যন্ত রিকশাটির অবস্থান শনাক্ত করা গেছে। এর পরের অবস্থান এখনও জানা যায়নি। তবে আগারগাঁও মোড় থেকে বিএনপি বস্তি কাছাকাছি হওয়ায় সেখানেও গেছে পুলিশ। কিন্তু ওই নারীকে কেউ চিনতে পারেননি। 

ওসি জানান, ফুটেজের সূত্র ছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে রিকশাটির খোঁজে অনেক গ্যারেজে গেছে পুলিশের একাধিক দল। রিকশাটি পেলে এর সূত্র ধরে হয়তো শিশুটির সন্ধান মিলতে পারে। তবে রিকশাটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। আরও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি নিজস্ব সোর্সের মাধ্যমেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। শিশুটিকে অপহরণের কারণ সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। কারণ দুদিন পার হলেও কেউ কোনো মুক্তিপণ দাবি করেনি। এ ঘটনায় গতকাল শুক্রবার কাফরুল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

কাফরুল থানা পুলিশ জানায়, পূর্ব শেওড়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকে নুসরাত। তাঁর বাবা মো. তাজেল পেশায় অটোরিকশার চালক। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার অদূরে খেলছিল নুসরাত। এর পর তাঁর আর কোনো খোঁজ মেলেনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি থেকে তাঁকে নিয়ে যায় এক নারী। 

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এক দিন থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ৪৭৪, উদ্ধার হয়েছে ৪০৬ জন, উদ্ধার হয়নি ৬৮ জন। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩, উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩, উদ্ধার হয়নি ১ হাজার ৯৭০ জন। এ সময়ে মোট ১৫ হাজার ৭১৭ নিখোঁজ শিশুর মধ্যে এখনও উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন। আর ২০২৩ সালে নিখোঁজ জিডি হয়েছে ১৭ হাজার ৮০৮, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।
 

আরও পড়ুন

×