ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লিগে আগ্রহ নেই ৪৯ জেলা ক্রীড়া সংস্থার

লিগে আগ্রহ নেই ৪৯ জেলা ক্রীড়া সংস্থার
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৮

জেলা ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা চেয়ে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মৌখিকভাবেও যোগাযোগ করা হয়েছিল জেলা ক্রিকেট কাউন্সিলরদের সঙ্গে। আশা করা হচ্ছিল জেলার ক্রিকেট সংগঠকদের কাছ থেকে একটা পরিকল্পনা পাওয়া যাবে দ্রুতই। সেখানে দুই মাস পেরিয়ে গেলেও বেশির ভাগ জেলা থেকে লিগের পরিকল্পনা পায়নি বিসিবি। 

গতকাল শুক্রবার বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, লিগ আয়োজনে আগ্রহ দেখিয়ে পরিকল্পনা পাঠিয়েছে ১৫টি জেলা ক্রীড়া সংস্থা। বাকি ৪৯টি জেলা ক্রীড়া সংস্থা সাড়া দেয়নি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জানান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিগুলো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। জেলা প্রশাসকরা অপেক্ষা করছেন নির্বাচিত কমিটির জন্য। বিসিবিকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

লিগ না হওয়ায় দেশের ৬৪টি জেলা থেকে ক্রিকেটার তুলে আনা সম্ভব হচ্ছে না বলে মনে করে বিসিবি। যদিও লিগ আয়োজনের জন্য প্রতিবছর প্রতিটি ক্রীড়া সংস্থাকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয় ক্রিকেট বোর্ড থেকে। জেলার ক্রিকেট কমিটির বিরুদ্ধে অভিযোগ ছিল লিগ না করে স্কোরকার্ড বানিয়ে অনুদানের টাকা তুলে নেওয়ার। বিসিবির তদন্তে সে অনিয়ম ধরা পড়ায় আটকে দেওয়া হয়েছিল অনুদানের টাকা। তামিম ইকবালের পরিচালনা পর্ষদ চায় নিয়মিত লিগ আয়োজনের মাধ্যমে অনিয়ম বন্ধ করতে। 

এ ব্যাপারে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, ‘বেশির ভাগ জেলাকে অনুদানের অর্ধেক টাকা দেওয়া হয়েছে। লিগ হলে বাকি টাকা পাবে। পাশাপাশি খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। আর যে জেলায় লিগ হবে না, তাদের হয়তো জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ ধরনের একটা নীতিমালা করতে পারে বোর্ড।’

বিসিবি থেকে লিগের জন্য অনুদান দেওয়া হলেও জেলা ক্রীড়া সংস্থা জাতীয় চ্যাম্পিয়নশিপ আর ইয়ুথ ক্রিকেট লিগে অংশগ্রহণ করে দায়িত্ব শেষ করে। ওখান থেকেও অংশগ্রহণ ফি পেয়ে থাকে জেলার ক্রিকেট কমিটি। এই ফাঁকিজুকি বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থা প্রতিবছর জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ক্ষান্ত থাকে। ২০ থেকে ২৫ জন ক্রিকেটারের একটা তালিকা করে টুর্নামেন্ট খেলে দায়িত্ব শেষ করে। চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ক্রিকেট কমিটি লাগে না। সংগঠকদের কাছে আমরা চাই জেলা লিগ। যেন বছরে ৩০০ ক্রিকেটার লিগে খেলার সুযোগ পায়। লিগ নিয়মিত হলে বছরে পাঁচ-ছয়জন ভালো মানের ক্রিকেটার পাওয়া যেতে পারে। আমরা যোগাযোগ করার পর জেলা ক্রীড়া সংস্থার সভাপতিরা (জেলা প্রশাসক) বলছেন, নভেম্বরের মধ্যে সংস্থার নির্বাচন সম্পন্ন হলে লিগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। কিছু কিছু জেলায় লিগ আয়োজন করার মতো সুযোগ-সুবিধাও নেই। সেগুলো ঠিকঠাক করতে বোর্ড উদ্যোগ নেবে।’

আরও পড়ুন

×