ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজার

বে-লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রশ্নবিদ্ধ

বে-লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রশ্নবিদ্ধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিংয়ের ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আর্থিক প্রতিবেদনের যথার্থতা পরীক্ষা করার পাশাপাশি ইনসাইডার বা নেপথ্যের কেউ শেয়ার কেনাবেচা করে সুবিধা নিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখতে বলেছে বিএসইসি।

জানা গেছে, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখানো হয়েছে, পুরো বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৯ পয়সা। যদিও একই হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (নয় মাস) শেয়ারপ্রতি নিট মুনাফা (ইপিএস) ছিল ২ টাকা ৭৫ পয়সা। তবে চতুর্থ প্রান্তিক বা অক্টোবর-ডিসেম্বর সময়কালে শেয়ারপ্রতি লোকসান দেখানো হয় ৩ টাকা ৭৪ পয়সা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের প্রথম প্রান্তিকে ৪ কোটি ৩৭ লাখ টাকা, দ্বিতীয় প্রান্তিকে ৬ কোটি ৯০ লাখ টাকা এবং তৃতীয় প্রান্তিকে ২৭ কোটি ৪৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। চতুর্থ প্রান্তিকে নিট লোকসান হয় ৫২ কোটি ৬৯ লাখ টাকা। এর ফলে বছরের সার্বিক হিসাবে লোকসান দাঁড়ায় ১৩ কোটি ৯৫ লাখ টাকা। এ তথ্য সন্দেহজনক বলে মনে হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থার নজরে আসায় বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত পরিচালক কাওসার আলীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের যথার্থতা নিরূপণ করার পাশাপাশি আগের প্রান্তিকগুলোর আর্থিক হিসাব আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী প্রস্তুত করা হয়েছিল কিনা, খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ব্যত্যয় পাওয়া গেলে এর সুবিধা নিতে কেউ শেয়ার কেনাবেচা করেছেন কিনা, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

এদিকে নিট লোকসান সত্ত্বেও গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বে-লিজিংয়ের পরিচালনা পর্ষদ গত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এরপর গত ২০ সেপ্টেম্বর পর্ষদ সভা শেষে চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন একবারে প্রকাশ করেছে। এতে দেখা যায়, এ বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৪৯ পয়সা লোকসানের পর দ্বিতীয় প্রান্তিকে এসে ২৫ পয়সা মুনাফা করেছে, অর্থাৎ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি ২৪ পয়সা নিট মুনাফা করেছে। গত ফেব্রুয়ারির শুরুতে ডিএসইতে এ শেয়ার সর্বোচ্চ ৩৮ টাকায় কেনাবেচা হয়েছিল। গত সাড়ে সাত মাসে ক্রমাগত দর হারিয়ে সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হয়েছে।

আরও পড়ুন

×