ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কাঁচা তুলার ডিজিটাল বাজার কটনপোর্ট চালু

কাঁচা তুলার ডিজিটাল বাজার কটনপোর্ট চালু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:১৪

| প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানি বাড়ানো এবং স্থানীয় স্পিনিং মিলগুলোর জন্য কাঁচামালের ন্যায্যমূল্য ও স্বচ্ছ সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে কাঁচা তুলার ডিজিটাল বাজার ‘কটনপোর্ট’ চালু করেছে আমেরিবাংলা করপোরেশন। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি আমেরিবাংলা করপোরেশন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উন্মোচন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। দুই বছর ধরে প্রযুক্তিগত উন্নয়নের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সংগৃহীত ৮২ টন উচ্চমানের কাঁচা তুলার প্রাথমিক প্রস্তাব নিয়ে প্ল্যাটফর্মটি সরাসরি কার্যক্রম শুরু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন অনুষ্ঠানে আসওয়ার রহমান প্ল্যাটফর্মটিকে মধ্যস্বত্বভোগীদের বাধামুক্ত বা ‘মার্চেন্ট ব্যারিয়ার ফ্রি’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি স্পিনিং মিলের মালিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। 

আসওয়ার রহমান বলেন, সরাসরি আমেরিকান কৃষকদের কাছ থেকে তুলা কেনার মাধ্যমে বাংলাদেশি প্রস্তুতকারকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারের একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠবে, যা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী ইউসুফ বিন রাজ্জাক, ডিভাইন টেক্সটাইলের মার্কেটিং প্রধান খুরশিদ আলম রিমন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান, ব্যুরো ভেরিটাস আরপির সাবেক কান্ট্রিপ্রধান নির্বাহী মো. গোলাম কিবরিয়া এবং ইন্টারন্যাশনাল তুলার (ইন্টারকোট) ব্যবস্থাপনা পরিচালক আফসানা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু থাকবে। ডাইনামিক প্রাইসিং সিস্টেমে ক্রেতা অফার গ্রহণ না করা পর্যন্ত প্রতিদিন কাঁচামালের মূল্য ধারাবাহিকভাবে কমতে থাকবে। তুলা কনটেইনার হিসেবে বিক্রি করায় ছোট ও মাঝারি মিলগুলো সরাসরি কেনার সুযোগ পাবে। তালিকাভুক্ত সব কনটেইনার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে চালানে রয়েছে এবং তা সরাসরি ক্রেতার গুদামে পৌঁছে দেওয়া হবে। সরবরাহ ব্যবস্থাটি ‘অল আমেরিকান কটন’ সার্টিফিকেশন এবং ইউএস কাস্টমসের সমর্থন দ্বারা সুরক্ষিত।

আরও পড়ুন

×