ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৫৪৬ গ্রাম ওজনের নতুন ফুল-ফ্রেম ক্যামেরা আনল ক্যানন

৫৪৬ গ্রাম ওজনের নতুন ফুল-ফ্রেম ক্যামেরা আনল ক্যানন
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩১

বাংলাদেশের বাজারে ২৪ দশমিক ২ মেগাপিক্সেলের নতুন ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ইওএস আর৮ মার্ক টু (EOS R8 Mark II) উন্মোচন করেছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। ৫৪৬ গ্রাম ওজনের ক্যামেরাটিতে উন্নত অটোফোকাস, পাঁচ অক্ষের স্থিতিশীলতা প্রযুক্তি এবং দ্রুতগতিতে ছবি তোলার সুবিধাসহ বেশ কিছু নতুন ফিচার রয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ডিরেক্টর (আঞ্চলিক বিক্রয় ও বিপণন) নাগাই কাতসুয়ুকি বলেন, নতুন নকশা, সহজ ও স্বজ্ঞাত ফিচার এবং উন্নত ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে ক্যামেরাটি তৈরি করা হয়েছে। এটি বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফারকে নতুন সৃজনশীল সম্ভাবনা খুঁজে নিতে এবং নিজস্ব দৃশ্যশৈলী গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

ক্যানন জানিয়েছে, ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ক্যামেরাটির ওজন ৫৪৬ গ্রাম। এর আকার ১৩১ দশমিক ৪ × ৯০ × ৭৯ দশমিক ৭ মিলিমিটার। ক্যামেরাটির দেহের ভেতরে পাঁচ অক্ষের স্থিতিশীলতা ব্যবস্থা রয়েছে। ফলে হাত কাঁপার কারণে ছবি ঝাপসা হওয়ার ঝুঁকি কমবে। আরএফ লেন্সের স্থিতিশীলতা ব্যবস্থার সঙ্গে ব্যবহার করলে কেন্দ্রে সর্বোচ্চ ৭ দশমিক ৫ স্টপ পর্যন্ত স্থিতিশীলতা পাওয়া যাবে। ইলেকট্রনিক শাটারে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০টি ছবি তোলার সুবিধাও রয়েছে।

ক্যামেরাটিতে দ্বিতীয় প্রজন্মের ডুয়াল পিক্সেল সিমস অটোফোকাস রয়েছে। আগে থেকে নিবন্ধিত ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে অনুসরণ করার সুবিধাও রাখা হয়েছে। নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘ক্রিয়েটিভ অটো’ মোড। ছবি ও ভিডিওতে পছন্দের রং ও আবহ তৈরির জন্য নতুন দুটি কালার ফিল্টারও যুক্ত হয়েছে।

ভিডিও নির্মাতাদের জন্য ৬কে থেকে নমুনা নিয়ে তৈরি ৪কে ৬০পি এবং শব্দসহ ফুল এইচডি ১৮০পি ভিডিও ধারণের সুবিধা রয়েছে। রঙ সংশোধনের জন্য ক্যানন লগ থ্রি ব্যবহার করা যাবে। সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন সংযোগের সুবিধাও রাখা হয়েছে।

ক্যানন জানিয়েছে, ক্যামেরাটিতে ডিজিক এক্স প্রসেসর, ওয়াই-ফাই ও ব্লুটুথ ৫.৩ সংযোগ এবং একটি এসডি কার্ড স্লট রয়েছে। স্থিরচিত্রে আইএসও ১০০ থেকে ১,০২,৪০০ পর্যন্ত ব্যবহার করা যায়। বর্ধিত পরিসরে তা ২,০৪,৮০০ পর্যন্ত নেওয়া সম্ভব।

ক্যামেরাটির সঙ্গে এক্সটেনশন গ্রিপ ইজি-ই২, ব্লুটুথ রিমোট কন্ট্রোলারসহ ট্রাইপড গ্রিপ এইচজি-১০০০টিবিআর এবং স্পিডলাইট ইএল-৫ (সংস্করণ ২) আনুষঙ্গিকও ঘোষণা করেছে ক্যানন। পণ্যের দাম ও প্রাপ্যতা বাজারভেদে ভিন্ন হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

×