সন্তান কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে নাতাশা-হার্দিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৫১
ভালোবাসা দিবসে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান। সেই সন্তানকে নিয়ে ভালোবাসা দিবসের দিন ফের বিয়ের পিঁড়িতে বসলেন এই দম্পতি।
ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিন উদয়পুরে বসেছিল এই তারকা জুটির বিয়ের আসর। এসময় বর-কনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, নাতাশার পরনে সাদা রঙের গাউন, অন্যদিকে হার্দিকের পরনে স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, পুত্রকে কোলে নিয়ে আছেন বর হার্দিক। বাবার কোলে বসে মা নাতাশাকে চুমু খাচ্ছে ছেলে।
এসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক লিখেছেন— ‘তিন বছর আগে আমরা যে, শপথ নিয়েছিলাম তা এই দ্বীপে নবায়ন করলাম এবং ভালোবাসা দিবস উদযাপন করলাম। আমাদের ভালোবাসা উদযাপনের সঙ্গী হয়ে আশীর্বাদ করেছেন আমাদের পরিবার ও বন্ধুরা। এজন্য আমরা সত্যি ধন্য।’
সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, ‘এর আগে কোর্টে বিয়ে করেন হার্দিক-নাতাশা। ওই সময়ে খুব তাড়াহুড়ো করে আইনি বিয়ে সারেন তারা। এজন্য জমকালো আয়োজনে বিয়ে করলেন তারা।’
২০২০ সালের শুরুতে নাতাশা স্ট্যানকোভিচকে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে প্রোপোজ করেন হার্দিক। এরপর আংটি পরিয়ে বাগদান সারেন। করোনা সংকটের কারণে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। এ সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। লকডাউনের সময়ে হার্দিকের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন।
- বিষয় :
- নাতাশা স্ট্যানকোভিচ
- হার্দিক পান্ডিয়া
- বিয়ে