কেউ কাউকে ছেড়ে কথা বলে না: শ্রাবণ্য
শ্রাবণ্য তৌহিদা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০১৯ | ০৮:২৫ | আপডেট: ৩১ মে ২০১৯ | ০৮:২৮
উপস্থাপক ও মডেল শ্রাবণ্য তৌহিদা। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রতিদিন মাছারাঙা টেলিভিশনে আয়োজিত 'পাওয়ার প্লে' ও 'ম্যাচ রিভিউ' অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এ ছাড়া মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কথা হলো তার সঙ্গে-
বিশ্বকাপ ক্রিকেটের এবারের আয়োজন কেমন মনে হচ্ছে?
গতবারের চেয়ে এবারের বিশ্বকাপ অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ এবার প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে মাঠে লড়াই করবে। তাছাড়া শক্তির বিচারেও দলগুলোর তেমন একটা পার্থক্য নেই। আশা করছি, সবাই এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ উপভোগ করতে পারবে।
'পাওয়ার প্লে' ও 'ম্যাচ রিভিউ'- দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এবারের অয়োজনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে?
অন্যবারের চেয়ে এবারের অয়োজনে বেশকিছু পরিবর্তন এসেছে। 'পাওয়ার প্লে' অনুষ্ঠানটি প্রতিদিন খেলার মধ্যবর্তী সময়ে প্রচারিত হবে। এ আয়োজনে প্রতিদিন একজন বিশেষজ্ঞ খেলা নিয়ে পর্যালোচনা করবেন। এ ছাড়াও খেলা-পরবর্তী সময়ে প্রচার হবে 'ম্যাচ রিভিউ'। এ অনুষ্ঠানে প্রতিদিনের খেলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আজ ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী জানতে চাই...
সাম্প্রতিক সময়ে দুটি দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও আজকের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আমার ধারণা। বিশ্বকাপে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আশা করছি, ব্যাটিং-বোলিংয়ে দারুণ কিছু হবে আজ।
বাংলাদেশ দলকে নিয়ে আপনার প্রত্যাশা কী?
বিশ্বকাপে এবারের বাংলাদেশ দলকে নিয়ে শুধু আমার নয়, সারাদেশের মানুষের অনেক প্রত্যাশা। এবারের দলটি অন্য যে কোনো সময়ের চেয়ে ভারসাম্যপূর্ণ। পঞ্চপাণ্ডবের পাশাপাশি দলের তরুণ খেলোয়াড়- সবাই দুর্দান্ত ফর্মে আছে। সব মিলিয়ে এবার অন্তত বাংলাদেশের সেমিফাইনাল খেলা উচিত। তবে 'দ্য ক্যাপ্টেন' মাশরাফির হাতে বিশ্বকাপ দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
অনেকে উপস্থাপনা থেকে অভিনয়ে এসেছেন। আপনাকে সেভাবে দেখা যায় না কেন?
যেহেতু আমি একজন ডাক্তার। পেশাগত ব্যস্ততার কারণে উপস্থাপনার বাইরে অন্য কোথাও সেভাবে সময় দিতে পারি না। খণ্ড নাটকে শুটিংয়ে বেশ সময় দিতে হয়, যা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এবারের ঈদে সঞ্জয় সম্মদারের পরিচালনায় 'বিয়ে করে খাওয়াবো কী' শিরোনামে একটি নাটকে কাজ করেছি।
এবারের ঈদে কোন অনুষ্ঠানে উপস্থাপনা করছেন?
এটিএন বাংলায় তারকাশিল্পীদের অংশগ্রহণে 'স্টার ক্যানভাস' অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে এটি প্রচার হবে।