এগিয়ে যাওয়ার প্রত্যয়
×
আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯ | ০৭:৩৬ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ | ১২:৩৫
নিজেকে দেখতে চান না পরাজিতদের দলে। তাই ডিঙিয়ে চলেছেন একের পর এক বাধার দেয়াল। প্রতিনিয়ত চান দর্শকের সামনে নতুন করে নিজেকে তুলে ধরতে। তাই আরও একবার ভিন্নরূপে পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী ববি। `বেপরোয়া` ছবিতে অনিন্দ্য অভিনয় দিয়ে জয় করে চলেছেন দর্শক হৃদয়। ববির শিল্পী জীবন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে লিখেছেন আবদুল্লাহ আল মামুনচারদিকে ডেঙ্গু রোগের প্রকোপ। এ রোগ থেকে রেহাই মেলেনি চিত্রনায়িকা ববিরও। ঈদুল আজহার যে সময় ছবির প্রমোশনে থাকার কথা ঠিক সে সময়টায় তাকে কাটাতে হয়েছে হাসপাতালে দৌড়াদৌড়ি করে। অথচ ববির ছিল ডাবল ঈদ। কারণ পরপর দুই ঈদেই মুক্তি পেল তার অভিনীত ছবি। ঈদুল ফিতরে `নোলক` আর ঈদুল আজহায় `বেপরোয়া`। ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পর অনেকটাই ম্লান হয়ে গেল তার ঈদের আনন্দ। তবে ঈদের পরপরই কিছুটা সুস্থ হওয়ায় ছুটলেন এ নায়িকা। হলে হলে বিচরণ করে দর্শকদের সঙ্গে দেখলেন নিজের সদ্য মুক্তি পাওয়া ছবি `বেপরোয়া`। আর দর্শক দেখলেন সিনেমার জন্য বেপরোয়া এক নায়িকাকে। সিনেমা তার মজ্জাগত বলেই ভাবেন ববি। এর বাইরে ভাবনায় নেই আর কিছুই। তাই তো নায়িকা পরিচয়ের বাইরে দাঁড়িয়ে গেছেন প্রযোজনায়। এ সময়ে অন্য নায়িকারা সিনেমার উন্নয়ন নিয়ে চিন্তা তো দূরের কথা ঠিকমতো শুটিংয়েই আসছেন না। সেখানে ববি কাঁধে তুলে নিলেন গুরুদায়িত্ব। সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০১৯-২০২১ সালের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ঢাকাই সিনেমা উন্নয়ন হবে, সেই উন্নয়নে নিজেকে যুক্ত রাখতেই এ নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছিলেন ববি। দায়িত্ব পাওয়ার পরও দৃঢ়চিত্তে জানালেন সে কথা। ববি বলেন, `আমার টার্গেট মন্দাবস্থার হাত থেকে চলচ্চিত্র শিল্পকে রক্ষা করা। এ কারণে একজন প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করে যাব। পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে ভালো ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই।` ববি অভিনীত সিনেমার তালিকা- `খোঁজ দ্য সার্চ`, `বিজলী`, `ওয়ান ওয়ে`, `দেহরক্ষী`, `রাজত্ব`, `অ্যাকশন জেসমিন`, মালেক আফসারীর `ফুল অ্যান্ড ফাইনাল`, রাজু চৌধুরীর `ইঞ্চি ইঞ্চি প্রেম`, বদিউল আলম খোকনের `হিরো দ্য সুপারস্টার`, `রাজা বাবু`, মোহাম্মদ হোসেনের `আই ডোন্ট কেয়ার` ও শফিক হাসানের `স্বপ্নছোঁয়া`। এসব ছবির কারণে ঢালিউডে ববির অবস্থান এখন বেশ শক্ত। কলকাতার রাজা চন্দ পরিচালিত ঈদে মুক্তি পাওয়া বেপরোয়ায় ববির নায়ক রোশান। ছবিটি ব্যবসা সফল হলো কতটা- সে প্রশ্নে উত্তর না থাকলেও ছবিটিতে তাকে কতটা গ্রহণ করেছেন দর্শক। প্রশ্নের উত্তর দেন ববি। জানান, `দর্শক আমাকে আশাহত করেননি। তাদের সঙ্গে হলে গিয়ে ছবি আমিও দেখেছি। তাদের উচ্ছ্বাস দেখে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছে আমার।` নায়িকা, প্রযোজক এখন আবার প্রযোজকদের নেতা। এর বাইরেও দীর্ঘদিনের লালিত স্বপ্ন রয়েছে ববির। সেটা হচ্ছে ক্যামেরার পেছনে কাজ করার। ববি বলেন, `একটি ছবি বানাব বলে অনেক আগে থেকেই কাজ করে আসছি। এ নিয়ে অনেক পরিকল্পনা আছে। স্ট্ক্রিপ্টও তৈরি। চলতি বছরই সবাইকে সুখবর দেব।` এদিকে কলকাতায় `রক্তমুখী নীলা` নামে একটি ছবিতে অভিনয় করছেন এ নায়িকা। শুটিংয়ের জন্য শিগগিরই উড়াল দেবেন। সেখানে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানালেন ববি।