মুক্তিযুদ্ধে ডাকটিকেটের ভূমিকা নিয়ে ‘স্বাধীনতার ডাক’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১৯
মহান মুক্তিযুদ্ধে ডাকটিকেটের ভূমিকা নিয়ে নাসরিন ইসলামের পরিচালনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতার ডাক’। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতার ডাক’র সেন্সর সার্টিফিকেট প্রদান ও প্রদর্শনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু। তিনি বলেন, ১৯৭১ সালের ২ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রকাশিত বাংলাদেশের প্রথম স্মারক ডাকটিকিটের প্রকাশ ও প্রচারের ঘটনা নাসরিন ইসলামের ‘স্বাধীনতার ডাক’ প্রামাণ্যচিত্রে স্বার্থকভাবে রূপায়িত হয়েছে।
ছবিটির বিষয় ও গুণগতমান সম্পর্কে প্রশংসা করে তিনি বলেন, ঘটনা প্রবাহের সাথে দুর্লভ ফুটেজ সংযোজন ছবিটিকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দলিল বলা যায়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্কের সভাপতি ফাহিম রেজা নূর বলেন, গত ১৪ ডিসেম্বর প্রামাণ্যচিত্রটি ঘাতক দালাল নির্মুল কমিটি নিউইয়র্ক থেকে প্রদর্শিত হয়। ‘স্বাধীনতার ডাক’ ছবিটি জাতিসংঘে প্রদর্শণ করার বিষয়ে তিনি প্রস্তাব করেছেন এবং জাতিসংঘ আগামী মার্চ মাসে ছবিটি প্রদর্শনে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ মোমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিমান মল্লিক নক্সাকৃত এই স্মারক ডাকটিকিটগুলোর ভূমিকা আমাদের অনেকেরই অজানা ছিল। নির্মাতা নাসরিন ইসলামকে ‘স্বাধীনতা ডাক ‘ প্রামাণ্যচিত্রটির ছাড়পত্র প্রদান করতে পেরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আনন্দিত এবং গর্বিত।
'স্বাধীনতার ডাক' প্রামাণ্যচিত্রটির নির্মাতা নাসরিন ইসলাম বলেন, দেশে ও বিদেশে বাংলাদেশের প্রথম স্মারক ডাকটিকিটের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যেই তিনি ছবিটি নির্মাণ করেছেন। প্রামাণ্যচিত্রটি বিভিন্ন জায়গায় প্রদর্শনীর বিষয়ে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সচিব মোহাম্মদ মোমিনুল হক নির্মাতা নাসরিন ইসলামকে ‘স্বাধীনতার ডাক’ প্রামাণ্যচিত্রের ছাড়পত্র তুলে দেন।
- বিষয় :
- ডাকটিকেট
- মুক্তিযুদ্ধ