এবার দিল্লি যাচ্ছে ‘মায়া দ্য লস্ট মাদার’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০১:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০৩:১৪
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’। সত্য কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। মাসুদ পথিক পরিচালিত এই ছবিটি ইতোমধ্যে ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে, পুরস্কারও পেয়েছে বেশ কয়েকটি।
এবার দিল্লির ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছে ‘মায়া দ্য লস্ট মাদার’। উৎসবটির বাংলাদেশি সমন্বয়ক ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিবেশক মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানানো হয়েছে, আগামী ১ থেকে ৯ আগস্ট করোনা মহামারির বাস্তবতায় উৎসবটি অনুষ্ঠিত হবে অনলাইনে। বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা অনলাইনের আলোচনা সেশনে অংশগ্রহণ করবেন।
ছবিটিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, কলকাতার মুমতাজ সরকার, দেবাশিস কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী ও আসলাম সানি প্রমুখ। দেশের সিনেমা হলে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়েছিল ‘মায়া দ্য লস্ট মাদার’।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ উৎসবে প্রদর্শিত হবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘পটাখা’। আর সমাপনী ছবি হিসেবে প্রদর্শিত হবে নন্দিতা দাস পরিচালিত ও নওয়াজুদ্দিন সিদ্দিক অভিনীত ‘মান্টো’।