ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিনেমাটির জন্য ৭-৮ কেজি ওজন কমিয়েছি: সজল

সিনেমাটির জন্য ৭-৮ কেজি ওজন কমিয়েছি: সজল
×

আবদুন নুর সজল

বুলবুল ফাহিম

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ০৭:১৩ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ০৭:২৫

গেল ক’মাস ধরে সিনেমা ও ওয়েব সিরিজে ডুবে আছেন আব্দুন নূর সজল। গত ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘জ্বীন’। আগস্টে মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। সিনেমা, নাটকসহ ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি। 

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় নায়ক আপনি। সম্প্রতি প্রকাশিত গানটিতে আপনাকে ভিন্নরূপে দেখা গেল। সিনেমায় কতটা ভিন্নতা থাকবে?

যেহেতু এটা পিরিয়ডিক্যাল ফিল্ম। ভিন্নতা তো আছেই। এই সিনেমার জন্য আমার প্রস্তুতিটাও সেইভাবে নিয়েছিলাম। এটার জন্য ৭-৮ কেজি ওজন কমিয়েছিলাম। অনেক দুর্গম জায়গায় যেতে হয়েছিল। পুরোটিম যে আন্তরিকতা দিয়ে কাজ করেছে তার ফলাফলই আগামী ১৮ আগস্ট প্রেক্ষাগ্রহে দেখা যাবে।

সম্প্রতি একটি সিরিজে আপনাকে নেতিবাচক চরিত্রে দেখা গেল। কারণ কী?

‘ইনফিনিটি সিজন টু’নামের একটি ওয়েব সিরিজে  খল চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্রে এবারই কিন্তু প্রথম নয়। এর আগেও খল চরিত্রে অভিনয় করেছি। তবে এটার অভিজ্ঞতা খানিকটা ভিন্ন। সত্যি কথা বলতে, আমি চরিত্র উপভোগ করি। গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্র হলে আমি চিন্তাই করে নেই সেটা ভালো করতে হবে। 

তার মানে খল চরিত্রেও আপত্তি নেই?

অবশ্যই নেই। গল্প আমাকে টানলে, চরিত্র পছন্দ হলে আপত্তি থাকার তো কথা না।

মাঝে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কেনো?

এটা ঠিক বিরতি না। সত্যি কথা বলতে খুব বেশি কাজ করতে চাইনি। একটা সময় ছোটপর্দায় অনেক বেশি কাজ হয়েছে। সে সময় আমার কাছে যে কাজগুলো আসতো তার অধিকাংশ কাজই আমার পছন্দের ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম কাজ কমিয়ে ফেলব। যে গল্পগুলো আসলে বার্তাপ্রধান শুধু সেই গল্পগুলোতে কাজ করেছি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে ভালোবাসেন। না হলে এত বছর আমার টিকে থাকার কথা না। 


নাটক তো মনে হয় এখন করাই হচ্ছে না?

না। ওটা আমার ভালোবাসার জায়গা। আজ যদি আমাকে সজল হিসেবে ১০ জন দর্শক চেনেন আর ৫ জন দর্শক পছন্দ করেন সেটা টেলিভিশন নাটকের জন্যই। ওই জায়গাটা আমি কখনোই ভুলি না। ভুলতে চাইও না। তবে হ্যাঁ, সময়ের পরিক্রমায় আমাদের বিভিন্ন রকমের পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়। এখন চাইলেই খুব বেশি কাজ করাও যায় না। নাটক এখনও করছি। হতে পারে সেটা সংখ্যায় কম।

আরও পড়ুন

×