ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে পাইরেসি হওয়ায় ওটিটিতে চলে এলো ‘রঙবাজার’

ইউটিউবে পাইরেসি হওয়ায় ওটিটিতে চলে এলো ‘রঙবাজার’
×

‘রঙবাজার’ সিনেমার পোস্টার

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৩:০০ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৩:১৮

বড়পর্দায় মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তি পেল রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’। যৌনপল্লি উচ্ছেদের একটি স্পর্শকাতর বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে পড়ায় বিপাকে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা বাতিল করে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

তিনি জানান, শুরু থেকেই সিনেমাটি বড়পর্দায় মুক্তির পরিকল্পনা ছিল। তবে পাইরেসির কারণে সেই পরিকল্পনা বদলে যায়।

নির্মাতার ভাষায়, ‘এ ধরনের ঘটনা একজন চলচ্চিত্র নির্মাতার জন্য খুবই হতাশাজনক। আমরা চেয়েছিলাম দর্শক প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখুক। কিন্তু মুক্তির আগেই সিনেমার কনটেন্ট ছড়িয়ে পড়ায় প্রযোজক দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পাইরেসির হাত থেকে পুরোপুরি রক্ষা করার আর কোনো উপায় ছিল না।’

গতকাল রোববার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেম্যাটিক’-এ মুক্তি দেওয়া হয় ‘রঙবাজার’।

নির্মাতাদের আশা, প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ওটিটির মাধ্যমে দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে যাবে। ‘রঙবাজার’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট ও মানিক সাহা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

‘রঙবাজার’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। তবে মুক্তির আগেই পাইরেসির ঘটনায় আবারও দেশের চলচ্চিত্রাঙ্গনে ডিজিটাল নিরাপত্তা ও কনটেন্ট সুরক্ষার বিষয়টি সামনে চলে এসেছে।

আরও পড়ুন

×