ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘মহাশ্মশান যাত্রা’য় সোনার বাংলা সার্কাস

‘মহাশ্মশান যাত্রা’য় সোনার বাংলা সার্কাস
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:১৩

একটি অ্যালবামকে ঘিরে পরিকল্পিত কনসার্ট সিরিজ বাংলাদেশের ব্যান্ডসংগীতে খুব বেশি দেখা যায় না। সেই ব্যতিক্রমী ধারাকেই আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাচ্ছে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। চলতি বছরের শুরুতে প্রকাশ হয় তাদের দ্বিতীয় অ্যালবাম ‘মহাশ্মশান’। এই অ্যালবামকে কেন্দ্র করে এবার তারা শুরু করছে দেশব্যাপী কনসার্ট সফর। যার নাম দেওয়া হয়েছে ‘মহাশ্মশান যাত্রা’। সোনার বাংলা সার্কাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আট বিভাগীয় শহর এবং কক্সবাজারে অনুষ্ঠিত হবে এই একক কনসার্ট সিরিজ। 

আগস্টে ঢাকায় উদ্বোধনী কনসার্টের মাধ্যমে শুরু হবে সোনার বাংলা সার্কাসের এই সফর। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহের শহরগুলোতে হাজির হবে ব্যান্ডটি। প্রতিটি আয়োজনই হবে শুধু সোনার বাংলা সার্কাসকে ঘিরে, যেখানে ‘মহাশ্মশান’ অ্যালবামের গানগুলো পরিবেশিত হবে।

‘মহাশ্মশান যাত্রা’ নিয়ে ব্যান্ডের ভোকাল প্রবীর রিপন বলেন, ‘এই কনসার্ট সিরিজটি হবে আমাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশের পর যে কনসার্ট সিরিজ করেছিলাম তার আদলে। তবে এবার পরিসর আরও বড়। কারণ ‘মহাশ্মশান’ অ্যালবামে ১৭টি গান রয়েছে। প্রতিটি কনসার্টে আমরা অ্যালবামের সবগুলো গানই পরিবেশন করব। শুধু গান গাওয়াই নয়, আমরা চাই দর্শকরা পুরো অ্যালবামটির আবহ আর গানগুলোর গল্প একসঙ্গে অনুভব করুক।’

তিনি আরও জানান, প্রতিটি শহরের কনসার্টের জন্য আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঞ্চ, আলো, ভিজ্যুয়াল এবং সাউন্ড ডিজাইন। সবই এমনভাবে সাজানো হবে, যাতে দর্শকরা শুধু একটি কনসার্ট নয়; বরং একটি সম্পূর্ণ সংগীত-অভিজ্ঞতার অংশ হতে পারেন। 

চলতি বছরের ৮ জানুয়ারি প্রকাশ হয় সোনার বাংলা সার্কাসের ‘মহাশ্মশান’। ১৭টি গানের এই অ্যালবামে রয়েছে ‘ব্যর্থ মানুষ’, ‘আগুনের পঙ্খিরাজ’, ‘ডুবুরি’, ‘নরকে বৃষ্টি’, ‘মহাশ্মশান’সহ আরও বেশ কয়েকটি গান। অ্যালবাম প্রকাশের সময়ই ব্যান্ডটি ঘোষণা দিয়েছিল, ‘মহাশ্মশান’ কেবল একটি অ্যালবাম হয়ে থাকবে না; এটিকে ঘিরে তৈরি হবে একটি পূর্ণাঙ্গ লাইভ অভিজ্ঞতা। সেই পরিকল্পনার বাস্তব রূপই ‘মহাশ্মশান যাত্রা’। 

২০২১ সালের ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ যাত্রা শুরু করা সেই কনসার্ট সিরিজ প্রায় চার বছর ধরে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়। যার সমাপনী আয়োজন হয় ২০২৫ সালের ১৭ অক্টোবর ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে। ব্যতিক্রমী মঞ্চনির্মাণ, নাটকীয় উপস্থাপনা, আলো-ছায়ার ব্যবহার এবং ধারণাভিত্তিক পরিবেশনার কারণে কনসার্টটি সংগীতপ্রেমীদের কাছে প্রশংসিত হয়। ব্যান্ডটির বিশ্বাস, সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই আরও বড় ক্যানভাসে হবে ‘মহাশ্মশান যাত্রা’। 

সোনার বাংলা সার্কাসের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে। অল্প সময়ের মধ্যেই দেশের দলটি তরুণ শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। বর্তমানে ব্যান্ডটির সদস্য প্রবীর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী। একটি অ্যালবামকে কেন্দ্র করে দেশজুড়ে ধারাবাহিক কনসার্ট আয়োজনের এই উদ্যোগ বাংলাদেশের ব্যান্ডসংগীতে নতুন এক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেই মনে করছেন সংগীতবোদ্ধারা। আর সেই প্রত্যাশা নিয়েই দলটি এবার শুরু করছে ‘মহাশ্মশান যাত্রা’।
 

আরও পড়ুন

×