ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মার খেলে কান্নাকাটির কিছু নেই, কাকে বললেন কঙ্গনা

মার খেলে কান্নাকাটির কিছু নেই, কাকে বললেন কঙ্গনা
×

কঙ্গনা রনৌত। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৯:৩৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ২০:৪০

ভারতে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে মন্তব্যে একদিন পর এবার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাকে সমর্থন জানালেন তিনি।

কঙ্গনা মতে, যারা প্রকাশ্যে অন্যদের গালিগালাজ করবে বা জনসম্পদের ক্ষতি করবে, তাদেরও পাল্টা প্রতিক্রিয়া মেনে নিতে হবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘যারা রাস্তায় সাধারণ মানুষের হাতে মার খাচ্ছে বা অপমানিত হচ্ছে, তাদের বুঝতে হবে—তুমি যদি বলো, তাহলে অন্যের কথাও শুনতে হবে। যদি জনসম্পদের ক্ষতি করো, জনগণও তোমার ক্ষতি করবে। দেশের নেতৃত্বকে প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালি দিলে, যারা দেশকে ভালোবাসে এবং ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাদের কথাও শুনতে হবে। তাদের কথা বলার অধিকার আছে। তাই এখন কান্নাকাটির কিছু নেই। প্রত্যেক কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। পড়াশোনা করেও যদি কারণ-পরিণামের বিষয়টি না বুঝে থাকো, এখন বুঝবে।’

আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্য করার ঘটনা এটিই প্রথম নয়। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টারও তিনি তীব্র সমালোচনা করেন।

সোমবার শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘জীবনে কখনো এক জায়গায় এত কদর্যতা দেখিনি। জেন-জি আন্দোলনের ভিডিওগুলো দেখলে বমি আসে। তাদের ভাষা ও আচরণ অত্যন্ত অরুচিকর। ভারতের মানুষের সৌন্দর্য, সংস্কৃতি ও মার্জিত আচরণের সঙ্গে এসবের কোনো মিল নেই।’

তিনি আরও বলেন, “তোমরা নিজেদের ‘তেলাপোকা’ বলছ, আবার আচরণও ঠিক তেমন করছো। এতে কোনো বৈপরীত্য নেই। শুধু নোংরামি ও কদর্যতা ছড়িয়ে দিচ্ছো। এসব ভিডিও দেখে আমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। এখন ডিজিটাল ডিটক্স দরকার।”

প্রসঙ্গত, সম্প্রতি ভারতে পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলনে লাখ লাখ তরুণ-তরুণী অংশ নেন। দিল্লির যন্তর-মন্তরে বড় সমাবেশের পাশাপাশি সামাজিক মাধ্যমেও আন্দোলনটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর আন্দোলনকারীরা তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×