ভালোবাসার মানুষকে ফিরে পেতে রতনের অদ্ভুত সিদ্ধান্ত
শ্যামল মাওলা ও নিশা চৌধুরী।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৫
ছোটবেলা থেকে শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনইবড় হয়েছেন, বদলে গেছে জীবনের পথও। শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন শিউলি। আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে। অভাব-অনটনের জীবনেও শিউলির প্রতি গভীর ভালোবাসা নিয়ে সব সময় তার পাশে থাকে রতন। কিন্তু ছোটবেলার একটি অসুস্থতা শিউলির জীবনকে বদলে দিয়েছে।
সেই অসুস্থতায় একটি পা হারায় শিউলি। এরপর থেকে এক পায়ে ভর করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও একধরনের হীনম্মন্যতায় ভোগে শিউলি। তার মনে হয়, এই শারীরিক পার্থক্যের কারণে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবে না।
এদিকে মেয়ের বিয়ের জন্য উদ্যোগী হয় শিউলির মা। সবকিছু জেনেশুনে এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হয়। এমনকি ঠিক হয়ে যায় বিয়ের দিন-তারিখও। পরিস্থিতি যখন ধীরে ধীরে শিউলিকে রতনের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে, তখন তাকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে রতন। শিউলির মতো ‘সমান’ হওয়ার জন্য এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে।
ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তুলতে নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে রতন। তার এই আত্মত্যাগের আকাঙ্ক্ষা গল্পে তৈরি করে আবেগঘন টানাপোড়েন। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’।
ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল সমীকরণের এই গল্পে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন।
সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি নাটকটি উন্মুক্ত হয়েছে ইউটিউবেও। খুব বেশি ভিউ না পেলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘সমান সমান’।
নাটকটি দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউস আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে।’ অন্য একজনের মন্তব্য, ‘খুব সুন্দর একটি কাজ।’
শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।
- বিষয় :
- শ্যামল মাওলা
- নিশা চৌধুরী
- নাটক