নায়কের স্ত্রীর অপছন্দে সিনেমা থেকে বাদ, তিক্ত অভিজ্ঞতা জানালেন তাপসী
তাপসী পান্নু। ছবি: ফেসবুক
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৫
সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছিল। শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন তাপসী পান্নু। কিন্তু হঠাৎই বদলে যায় সিদ্ধান্ত। সিনেমাটি থেকে বাদ পড়ে যান এই অভিনেত্রী। কেন তাকে বাদ দেওয়া হলো, তার স্পষ্ট কোনো উত্তরও পাননি তিনি। পরে যে কারণটি তাঁর কানে আসে, তা শুনে অবাক হয়েছিলেন তাপসী।
সম্প্রতি বলিউডে কাজের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এমনই একটি ঘটনা প্রকাশ্যে আনেন তিনি। তাপসীর দাবি, একটি সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল শুধু এই কারণে যে, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’
অভিনেত্রী জানান, সিনেমাটিতে কাজের জন্য তার সঙ্গে কথা হয়েছিল। এমনকি শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে হঠাৎ জানতে পারেন, তাকে আর সিনেমাটিতে রাখা হচ্ছে না। কারণ জানতে চাইলেও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তাপসীর ভাষ্য অনুযায়ী, শুধু জানানো হয়েছিল, সিনেমাটির নায়ক তাকে ছবিতে চান না। কিন্তু কেন চান না, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে নিজের মতো করে নানা সম্ভাবনার কথা ভেবেছিলেন তিনি। হয়তো নায়কের কোনো নিরাপত্তাহীনতা ছিল, অথবা তিনি তার পরিচিত কোনো অভিনেত্রীকে নিতে চেয়েছিলেন—এমন অনেক কথাই তাঁর মনে এসেছিল।
তবে শেষ পর্যন্ত যে কারণটি জানতে পারেন, সেটিই তাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। তাপসী বলেন, ‘একবার সরাসরি জানানো হয়েছিল, নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়।’
বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে এমন অভিজ্ঞতা কম হয়নি তাপসীর। তবে এসব অভিজ্ঞতা তাকে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতন করেছে। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না তিনি। গল্প বা চরিত্রে নতুন কিছু না থাকলে সিনেমা ফিরিয়ে দিতেও দ্বিধা করেন না।

তাপসীর মতে, বলিউডে অনেক সময় অভিনেত্রীদের জন্য নির্দিষ্ট কিছু ছক তৈরি হয়ে যায়। গ্ল্যামারনির্ভর চরিত্রের জন্য একদল অভিনেত্রীর নাম যেমন বারবার আসে, তেমনি সামাজিক কোনো বিষয়ভিত্তিক সিনেমার ক্ষেত্রেও নির্দিষ্ট কয়েকজনকে ভাবা হয়। এই পরিচিত ছকের অংশ হতে চান না তিনি।
তাই এমন সিনেমাও ফিরিয়ে দিয়েছেন তাপসী, যেখানে তাকে দেখলেই দর্শক গল্পের শেষটা সহজেই অনুমান করে ফেলতে পারেন।
‘থাপ্পড়’, ‘হাসীন দিলরুবা’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। চরিত্র নির্বাচনে নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও পর্দার পেছনের এমন অভিজ্ঞতা তাঁর অভিনয়জীবনকে কখনো কখনো অস্বস্তিকর করে তুলেছে। সূত্র: আনন্দবাজার অনলাইন
- বিষয় :
- তাপসী পান্নু
- বলিউড