আত্মরক্ষার জন্য সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ফাইল ছবি: এএফপি/কোলাজ
এএফপি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৪
ইরান সমর্থিত হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে রাজি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষামূলক অভিযানে সৌদির যুদ্ধবিমানকে আকাশে উড়ন্ত অবস্থায় জ্বালানি সরবরাহ করা হবে।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডভিত্তিক বার্তা সংস্থা পিএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তা কেবল আত্মরক্ষামূলক কাজে সৌদির যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে। হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলায় সহায়তা দেওয়া হবে না।
ভয়েজার ট্যাঙ্কার ব্যবহারের মাধ্যমে কয়েকদিনের মধ্যে এই সহায়তা শুরু হবে বলে আশা করা হচ্ছে। অভিযানটি নির্দিষ্ট সময়ের জন্য পরিচালিত হবে। যা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জ্বালানি সরবরাহের এই অভিযান ছাড়াও সৌদি আরবে ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাজ্য। সাংবাদিকদের বার্নহাম বলেন, ব্রিটেন ও বৃহত্তর আঞ্চলিক স্বার্থ রক্ষায় তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, সৌদি আরব হামলার শিকার হচ্ছে। আরও বিশৃঙ্খলার আশঙ্কা আছে। তাই কিছু পথ খোলা রাখতে হবে। এ কারণেই রিয়াদের অনুরোধে তিনি সম্মত হয়েছেন।