রূপ লাবণ্যে ফল
রিক্তা রিচি
প্রকাশ: ০৬ জুন ২০২৩ | ১৮:০০
ত্বকের কালো দাগ, ছোপ ছোপ দাগ, অসম রং, ব্রণ ইত্যাদি কমে যায় ফল দিয়ে রূপচর্চা করলে। ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি, সি, এ ও অন্যান্য উপাদান ত্বককে গভীর থেকে সতেজ ও নিঁখুত করতে সাহায্য করে। লিখেছেন রিক্তা রিচি
আম, পাকা পেঁপে, মাল্টা, লেবু, আঙুর, ড্রাগন কিংবা কমলা– এসব ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেলে যেমন উপকার, তেমনি রূপচর্চা করলে বাড়ে লাবণ্য। দূর হয় ত্বকের কালো দাগ, অসম রং। ত্বকে আসে উজ্জ্বলতা। রূপবিশেষজ্ঞ নুজহাত খান বলেন, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ফল খাওয়ার পাশাপাশি তা দিয়ে রূপচর্চা করা যেতে পারে। এখন বিভিন্ন ফলের নির্যাসের সঙ্গে বিভিন্ন উপাদান প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে রূপচর্চার পণ্য। সতেজ ও তাজা ফল দিয়ে রূপচর্চা করলে বাড়তি টাকা খরচ করে বাজার থেকে বিভিন্ন পণ্য কিনতে হয় না।
এ রূপবিশেষজ্ঞ আরও বলেন, ‘ফলে আছে উৎকৃষ্ট পরিমাণের ভিটামিন। ভিটামিন এ, সি-সমৃদ্ধ ফল ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। শসা ও লেবু ব্রণ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। ভিটামিন বি-সমৃদ্ধ ফল ত্বকের স্বাস্থ্য উন্নত করে।’
জারা’স বিউটি লাউঞ্জের রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি জানান, ফলের নির্যাস একটি নন-কমেডোজেনিক উপায়; যা ত্বকের মৃত কোষ অপসারণ করে। আর্দ্রতা বৃদ্ধি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। ফলের প্যাক ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।
ঔজ্জ্বল্যে মাল্টা ও কমলা: নিঁখুত ও উজ্জ্বল ত্বকের জন্য ঘরেই বানাতে পারেন মাল্টা কিংবা কমলার প্যাক। এসব ফলে থাকা ভিটামিন সি কোলাজেন গঠনে সহায়তা করে। বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে এসব ফল। ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে ভিটামিন সি। অল্প বয়সে বুড়িয়ে যাওয়াও প্রতিরোধ করে।
যে কোনো ধরনের পিগমেন্টেশন দূর করার জন্য কমলা কিংবা মাল্টার রস আক্রান্ত স্থানে লাগান। তৈলাক্ত ত্বকের জন্য তিন টেবিল চামচ মাল্টা কিংবা কমলার রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এর সঙ্গে দুই টেবিল চামচ ময়দা ও এক চিমটি হলুদের গুঁড়া যোগ করুন। সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের জন্য তিন টেবিল চামচ মাল্টা কিংবা কমলার রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এর সঙ্গে মেশান আধা চা চামচ দুধ, এক চিমটি হলুদের গুঁড়া এবং এক চা চামচ মধু। এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন।
ত্বকের সতেজতায় পেঁপে: পেঁপেতে আছে ভিটামিন এ, সি, বি। এসব উপাদান ত্বক ভালো রাখে। এই ফলে আছে প্রাকৃতিকভাবে ত্বক সতেজ করার বিভিন্ন উপাদান।
মসৃণ ত্বকের জন্য পাকা পেঁপের পেস্ট ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। অতিরিক্ত শুষ্ক ত্বক যাঁদের, তাঁরা পেঁপের পেস্টের সঙ্গে আধা চা চামচ আমন্ড তেল মেশান। আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
পেঁপে দিয়ে স্ক্রাব বানাতে পারেন। এর জন্য পেঁপের পেস্টের সঙ্গে এক চা চামচ কমলার খোসা গুঁড়া এবং এক টেবিল চামচ গোলাপজল মেশাতে হবে। তৈলাক্ত ত্বকের অধিকারীরা এটি দিয়ে স্ক্রাব করতে পারবেন। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা পেঁপের পেস্টের সঙ্গে এক চা চামচ কমলার খোসা গুঁড়া এবং মধু মিশিয়ে স্ক্রাব করলে উপকার মিলবে।
সানট্যান দূর করবে লেবু: লেবুতে আছে প্রচুর ভিটামিন সি। এই ফলটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে পরিচিত। এটি ব্রণ দূর করতে, বয়স কমাতে, অকালে ত্বক বুড়িয়ে যাওয়া রোধে কাজ করে।
রোদে পোড়া দাগ দূর করতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে আক্রান্ত স্থানে ম্যাসাজ করতে হবে। চোখের নিচের কালো দাগ এবং চোখের ফোলা ভাব কমাতে এক চা চামচ লেবুর রসের সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গরমে ত্বক ঠান্ডা রাখবে শসা: শসায় আছে পর্যাপ্ত পরিমাণে পানি। এ কারণে এটি ত্বক সতেজ ও ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। শসায় আছে ভিটামিন সি, ও, কে; যা সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।
ব্রণপ্রবণ ত্বকের জন্য এক টেবিল চামচ ময়দার সঙ্গে শসার রস ও গোলাপজল মেশান। এটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিন। অতিরিক্ত শুষ্ক ত্বক সতেজ ও কোমল করতে শসা কুচির সঙ্গে এক টেবিল চামচ দুধ মেশান। এর সঙ্গে মেশান নারকেল তেল। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে মিনিট দশেক পর ধুয়ে ফেলুন।
ফাইন লাইন কমাবে আম: ফলের রাজা আমে আছে ভিটামিন এ, সি, ই। এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। আমের প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা-ফাইনলাইন দূর করতে কাজ করে।
একটি পাত্রে আমের রসের সঙ্গে গোলাপজল মেশান। এই মিশ্রণটি ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা আমের পাল্পের সঙ্গে গোলাপজল ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। মিনিট দশেক পর ধুয়ে ফেলুন।
রোদে পোড়া ভাব দূর করবে ড্রাগন ফল: ড্রাগন ফলে থাকা পর্যাপ্ত পুষ্টি উপাদান রোদে পোড়া ভাব দূর করে। কালচে ত্বককে করে উজ্জ্বল।
ত্বক টানটান করতে ড্রাগনের পেস্টের সঙ্গে এক টেবিল চামচ টকদই মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। রোদে পোড়া ভাব দূর করতে ড্রাগনের শাঁস চটকে তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।
কখন ব্যবহার করবেন: ফলের প্যাক বিকেল কিংবা রাতে ব্যবহার করার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। কারণ ফলের মধ্যে থাকা সাইট্রিক এসিড, ভিটামিন বি-৩, ভিটামিন সি, ভিটামিন এ সূর্যের সংস্পর্শে গেলে ক্ষতি হতে পারে।
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ফল খাওয়ার পাশাপাশি তা দিয়ে রূপচর্চা করা যেতে পারে। ফলে আছে উৎকৃষ্ট পরিমাণের ভিটামিন। ভিটামিন এ, সি-সমৃদ্ধ ফল ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। শসা ও লেবু ব্রণ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। ভিটামিন বি-সমৃদ্ধ ফল ত্বকের স্বাস্থ্য উন্নত করে।
নুজহাত খান
রূপবিশেষজ্ঞ
সেনসিটিভ ত্বকে সরাসরি মাল্টা বা মাল্টার খোসা, আঙুর, লেবু ব্যবহার করা উচিত নয়। লেবুতে আছে ভিটামিন সি। ত্বকে যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন, তার বেশি ব্যবহার উচিত নয়। কিছু কিছু পাতিলেবু অনেক বেশি পরিমাণে এসিডিক হয়, যা আপনার ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। লেবু, মাল্টা এবং কমলা জাতীয় ফলে সাইট্রিক এসিড থাকে, যা সরাসরি ব্যবহার করলে অ্যালার্জিজনিত ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
ফারহানা রুমি, রূপবিশেষজ্ঞ
- বিষয় :
- রূপ লাবণ্য