অগ্নিকাণ্ড রুখতে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধের দাবি
প্রতীকি ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৭:০৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৭:০৩
সম্প্রতি দেশের বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জনজীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের একটি কারণ হতে পারে পাবলিক প্লেসে ধূমপান। এ বিষয়ে সতর্কতা জরুরি বলে মনে করছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-২০২২ সাল পর্যন্ত বিড়ি- সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত টুকরা থেকে ছোট-বড় ১৭ হাজার ৯৭৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এরমধ্যে ২০২১ সালে ৩ হাজার ১৯৩টি অগ্নিকাণ্ড হয়েছে। যা ১৪.৭৮ শতাংশ এবং আনুমানিক ক্ষতি ১৩ কোটি ৪১ লাখ টাকা। ২০২২ সালে একই কারণে ৩ হাজার ৮৭৮টি অগ্নিকাণ্ডে ক্ষতি ৩৪ কোটি ৬৪ লাখ টাকার অধিক বলে মনে করা হচ্ছে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণ সিগারেট বা মশার কয়েল বলে অনুমান করা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করছে, বর্তমানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর আইন সংশোধন করে ধূমপানের স্থান রাখার বিধান বাতিল করা জরুরি। মার্কেট কর্তৃপক্ষকে মার্কেটকে ধূমপানমুক্ত রাখার আহ্বান করেছেন তারা।
প্রধানমন্ত্রীর ২০৪০ সালের পূর্বে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার আইন, মেট্রোপলিটন আইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আইন অনুসারে সকল গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি করেছে তামাক বিরোধী জোট। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- তামাক নিয়ন্ত্রণ আইন