দেশে করোনার বিধিনিষেধ শিথিল করার পরামর্শ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১৫:৪০ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১৫:৪০
বিশ্বব্যাপী করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরাসহ বিধিনিষেধ শিথিল করা যেতে পারে বলে মত দিয়েছে কভিডবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা ও ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শনের বাধ্যবাধকতার প্রয়োজন নেই বলে জানিয়েছে কমিটি। তবে ঝুঁকিপূর্ণ স্থানে যেমন– হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং উচ্চঝুঁকিপূর্ণ ব্যক্তি যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত রোববার পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কমিটির ৬৩তম সভায় আলোচনা শেষে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কভিডের সর্বশেষ পরিস্থিতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে আলোচনা হয়েছে। এতে বলা হয়, কোনো কোনো দেশে এখনও কভিড সংক্রমণ বেশি থাকলেও মৃত্যুহার, আইসিইউ প্রয়োজনীয়তা ও জটিলতা অনেক কম। বাংলাদেশে সংক্রমণ বেশ কিছুদিন ধরে নিয়ন্ত্রণে রয়েছে।
সভায় সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বৈশ্বিক রিপোর্ট পর্যালোচনা ও দেশে সার্ভিলেন্স জোরদার করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রতি পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সব প্রস্তুতি রাখার সুপারিশ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়াও মার্স প্রতিরোধে উটের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে সেই দেশের শর্তানুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া কভিড ভ্যাকসিন বিষয়ে নিয়মিত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়।
গত ৫ মে করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বড় আশা নিয়ে করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি। প্রত্যাশা করছি, সামনের দিনগুলো সুন্দর ও নিরাপদ হবে।
- বিষয় :
- করোনা
- পরীক্ষা
- বিমানবন্দর