দেড় শতাধিক সংবাদকর্মীর রক্তচাপ পরীক্ষা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৩ | ২১:৪০ | আপডেট: ১৬ মে ২০২৩ | ২১:৪০
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে দেড় শতাধিক সংবাদকর্মীর রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ক্যাম্পেইন হয়। অস্থায়ী তিনটি বুথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মী এ সেবা দেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সুপারভাইজিং মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আসাদুজ্জামান সাদী জানান, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। হৃদরোগ, স্ট্রোক, কিডনিসহ বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী এটি।
রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে আলোচনা সভা, মাসজুড়ে বিভিন্ন স্থানে বিনামূল্যে রোগী দেখা, লিফলেট-পোস্টার বিতরণ, চিকিৎসকদের উচ্চ রক্তচাপের আধুনিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় সমকালের কর্মীদের ৫ শতাংশের মধ্যে উচ্চ রক্তচাপ রয়েছে বলে জানান ডা. মোহাম্মদ আসাদুজ্জামান সাদী।