ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যুব দিবসের ওয়েবিনারে বক্তারা

তরুণদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে পদক্ষেপ জরুরি

তরুণদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে পদক্ষেপ জরুরি
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৬:০২ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৬:০২

খাদ্যাভ্যাস, জীবনাচরণসহ নানা কারণে বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্তের প্রবণতা ক্রমেই বাড়ছে। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপ পরিমাপের ব্যবস্থা এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।

শনিবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ, হৃদরোগ ঝুঁকি এবং বাংলাদেশের যুব সমাজ’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, কাশফুল ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, গিভ বাংলাদেশ ও সন্ধানী।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তরুণদের মধ্যে এ প্রবণতা ক্রমবর্ধমান। বাংলাদেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ অর্থাৎ ৪ কোটি ৫৯ লাখই তরুণ। এ বিশাল তরুণ জনগোষ্ঠীকে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি থেকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই, তরুণদের মধ্যেও এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন এবং রক্তচাপ পরীক্ষার মাধ্যমে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) প্রোগ্রাম ম্যানেজার ডা. সাব্বির হায়দার জানান, জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমে তরুণদের উচ্চ রক্তচাপ ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। সরকার এরই মধ্যে সব কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশব্যাপী তরুণসহ সবার মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ কমে আসবে।

ওয়েবিনারে আলোচক হিসেবে আরও ছিলেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। সঞ্চালনা করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

আরও পড়ুন

×