ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সার বিতরণ

ডিলার নিয়োগে স্বচ্ছতা দাবি, বিক্ষোভ

উলিপুরে সারের দাবিতে অবরোধ

ডিলার নিয়োগে স্বচ্ছতা দাবি, বিক্ষোভ
×

কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে সারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কৃষকরা- সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০১

| প্রিন্ট সংস্করণ

সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে গতকাল মঙ্গলবার মেহেরপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই দিন কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৪ ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

এদিকে সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে রাজশাহীতে পরীক্ষামূলক ওয়েবসাইট চালু হয়েছে। কুড়িগ্রামে সাময়িক সার বিতরণ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।  মেহেরপুরে দাবির পক্ষে দুপুরে নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে সচেতন নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন নুরু রহমান, তাওফিকুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক (ডিসি) বরাবর দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। 

দাবির মধ্যে রয়েছে, বাছাই কমিটিতে আবেদনকারী সার ডিলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা, অযোগ্য আবেদনকারীদের বাতিলের কারণ প্রকাশ এবং যোগ্য আবেদনকারীর নির্ধারিত সংখ্যা বেশি হলে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা। স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হলে সম্ভাব্য অনিয়মের বিষয়ে তদন্ত করা এবং কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা না দেওয়া। 

এ সময় তাওফিকুল ইসলাম বলেন, ‘যারা সার ডিলারশিপ পেতে আবেদন করেছিলেন, সেই আবেদন সরকারি দলের কিছু নেতার যোগসাজশে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দলীয় লোক নিয়োগ দেওয়ার যে পাঁয়তারা চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হলে প্রতিবাদ কর্মসূচি চলবে। প্রয়োজনে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ 
সারের দাবিতে উলিপুরে বেলা সাড়ে ১১টার দিকে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করা হয়। এতে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়রা জানান, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। সকাল থেকে কৃষকরা সেখানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন না আসায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

খবর পেয়ে ইউএনও, থানার ওসি ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার বিতরণ শুরু হয়। ইউএনও এটিএম আরিফ বলেন, সকাল ৮টায় সার বিতরণের কথা ছিল। প্রচুর চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণের সাহস পাননি। এতে বিক্ষুব্ধ কৃষকরা টায়ার জ্বালিয়ে সড়কে আগুন দেন। 

শেরপুরে ১৪ সার ডিলার কারাগারে 
শেরপুরে ১৪ কোটি ৩৪ লাখ টাকার সার কালোবাজারে বিক্রির অভিযোগে বিসিআইসির ১৪ সার ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গত ২২ জুলাই মামলা করেন এক কৃষি কর্মকর্তা। সেই মামলার ১৪ আসামি গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বাদী শেরপুর সদর উপজেলার তৎকালীন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে কৃষকের স্বার্থ নিশ্চিত হবে। 

সংকট ঠেকাতে রাজশাহীতে ওয়েবসাইট
সারের সুষ্ঠু বণ্টন ও কৃত্রিম সংকট ঠেকাতে রাজশাহীতে ‘পবা সার ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পবা উপজেলার বিভিন্ন ডিলারের কাছে সারের মজুত, বিক্রি ওঅন্যান্য তথ্য অনলাইনে দেখা যাবে। গতকাল পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন ডিসি কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. ইবনুল আবেদীন। 

ইউএনও ইবনুল আবেদীন বলেন, মাঠপর্যায়ে তদারকি করতে গিয়ে দেখা গেছে, পর্যাপ্ত বরাদ্দ থাকার পরও সারের সুষম বণ্টন না হওয়ায় অনেক কৃষক তাঁর ন্যায্য হিস্যা পাচ্ছেন না। আবার কোনো কৃষক প্রভাব খাটিয়ে বেশি সার নিচ্ছেন। এসব সমস্যা বিবেচনায় নিয়ে ‘পবা সার ডটকম’ চালু করা হয়েছে। 

সাময়িক সার বিতরণ কার্ড 
কুড়িগ্রামের কৃষকদের জন্য ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ নামে সাময়িক সার বিতরণ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ। আসন্ন রবি মৌসুমে (মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ পর্যন্ত) জেলার কৃষকদের মধ্যে এ কার্ডের মাধ্যমে সার বিতরণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চিলমারী উপজেলায় কৃষকদের কার্ডের জন্য নিবন্ধনও শুরু হয়েছে।

কৃষি বিভাগ বলছে, প্রকৃত কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করে ফসল উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সার বিতরণে শৃঙ্খলা ফিরবে এবং কৃষক সেজে সার সংগ্রহ করে কালোবাজারে বিক্রির সুযোগ কমবে।

কৃষি বিভাগ জানায়, কার্ড বিতরণের আগে সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজারদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ওই তালিকার ভিত্তিতে সাময়িক মেয়াদের ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ দেওয়া হবে। প্রতিবার সার নেওয়ার সময় কৃষককে কার্ডটি সঙ্গে আনতে হবে। এর মাধ্যমে সারের হিসাব রাখা সহজ হবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকৃত কৃষক ছাড়া কাউকে এই কার্ড দেওয়া হবে না।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো ও প্রতিনিধিরা]

আরও পড়ুন

×