ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ৮

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ৮
×

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০০:১৬

নড়াইলের কালিয়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৯টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন– ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ। আহতদের শুরুতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে গতকাল সকালে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছে। 

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী বলেন, ‘আগের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা গুলিতে আহত হয়েছেন কিনা। চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন

×