হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫৯
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬-এ। এর সঙ্গে নিশ্চিত হামে মারা যাওয়া ১০০ জনকে ধরলে চলতি প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬-এ। দেশের ইতিহাসে হামে এত মানুষের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুসারে, এক দিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ২৩৯ জনের শরীরে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯-এ। আর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২০১-এ।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
নির্মূলের পথে থাকা রোগে নজিরবিহীন মৃত্যু
একসময় হামকে প্রায় ভুলে যাওয়া রোগ হিসেবেই বিবেচনা করা হতো। আট বছর ধরে দেশে হামে মৃত্যুর ঘটনা ছিল না বললেই চলে; সংক্রমণও ৪০০-এর বেশি হয়নি। ২০২৫ সালে বাংলাদেশে হাম দূরীকরণের লক্ষ্য নির্ধারিত ছিল। পরিকল্পনা অনুযায়ী, চলতি ২০২৬ সালে হাম নির্মূলের সনদ পাওয়ার কথা ছিল। অথচ সে সময়েই রোগটির ভয়াবহ পুনরুত্থান ঘটেছে।
চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও শুরুতে তা যথাযথ গুরুত্ব পায়নি। মার্চ থেকে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এপ্রিল ও মে মাসজুড়ে বিশেষ গণটিকাদান কর্মসূচি চালানো হয়। তবে ওই কর্মসূচিতেও প্রায় ৪০ লাখ শিশু টিকার আওতার বাইরে থেকে যায়।
জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে টিকাদানের কাভারেজ কমে যাওয়া, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং সময়মতো বিশেষ উদ্যোগ না নেওয়ার কারণে দেশে হামের মতো প্রতিরোধযোগ্য রোগের বিস্তার ঘটেছে। টিকা থেকে বাদ পড়া শিশুর বড় একটি অংশই এখন সংক্রমণের ঝুঁকিতে পড়েছে।’ হামের এই প্রাদুর্ভাব শুধু একটি সংক্রামক রোগের বিস্তার নয়; বরং দেশের টিকাদান কর্মসূচি ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতাও সামনে এনেছে।
- বিষয় :
- হামের উপসর্গ
- মৃত্যু