এক দিনে তিন শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
দেশের ছয় জেলায় গতকাল মঙ্গলবার তিন শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরে চার বছরের শিশুকে হত্যার প্রায় সাড়ে তিন মাস পর জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীতে মাদ্রাসাছাত্রের, ভোলায় নিখোঁজের দুদিন পর শিশুর, গাজীপুরে নারীসহ দুজনের, ঢাকায় যুবকের এবং কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুকে হত্যা করে মাটিচাপা
গতকাল সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুর জামতলী এলাকার একটি জঙ্গলের ভেতরে মাটিচাপা দেওয়া শিশু রুহির মরদেহের হাড়সহ বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার ঘটনায় তার মা জিন্নাতুন বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুজন হলেন জামতলী এলাকার রিপন টুডু ও সুজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে জিন্নাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রিপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে গত ১ মে জিন্নাতুন ও তাঁর মেয়ে রুহিকে নিজ বাড়িতে নিয়ে যান রিপন। এর কিছুদিন পর থেকে রুহি নিখোঁজ ছিল।
শিশুটির নানা জমসেদ আলী জানান, এক সপ্তাহ আগে তাঁর মেয়ে জিন্নাতুন জানান, রিপন রুহিকে হত্যা করেছে। এরপর জমসেদ আলী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার রিপন, সুজন ও জিন্নাতুনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রুহিকে হত্যার কথা স্বীকার করেন তারা। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপনের বাড়ির পাশের জঙ্গলের ভেতরে পুঁতে
রাখা রুহির শরীরের হাড়সহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়।
রাস্তায় পড়ে ছিল মাদ্রাসাছাত্রের মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরে রাস্তা থেকে নাঈম হোসেন (১৪) নামে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়িসংলগ্ন ধানক্ষেতের পাশে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নানাবাড়িতে থেকে দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।
স্থানীয়রা জানান, মা-বাবার বিচ্ছেদের পর থেকে নাঈম নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। তার নানা এবায়েদ উল্যাহ বলেন, ‘সোমবার রাতের খাবার খেয়ে নাঈম ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের নামাজের সময় নামাজ পড়তে উঠে দেখি, ঘরের দরজা খোলা; নাঈম ঘরে নেই। সকালে বাজারে যাওয়ার পথে বাড়ি থেকে ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখি।’
নাঈমের মামা দেলোয়ার হোসেন বলেন, ‘নাঈম রাতের খাবার খেয়ে তার নানার সঙ্গে ঘুমাত। সোমবার রাতে সে আলাদা কক্ষে ঘুমায়।’ প্রতিবেশীদের বরাতে তিনি বলেন, গভীর রাতে মোটরসাইকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাঈমকে নিয়ে যায়।
খালে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুদিন পর খাল থেকে মো. ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইল বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের ছেলে। মঙ্গলবার একই ওয়ার্ডের মুসলিমপাড়াসংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। হত্যায় জড়িত অভিযোগে রোকন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গাজীপুরে দুজনের মরদেহ উদ্ধার
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে একজন এবং কালিয়াকৈর পৌর এলাকার রেলপথ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন। নিহতদের মধ্যে একজনের নাম খলিলুর রহমান (৪৬)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা গ্রামের ইউনুস বারীর ছেলে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
লিফটের ফাঁকা জায়গায় যুবকের মরদেহ
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে কোনাপাড়ার শান্তিবাগ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় এক অজ্ঞাতপরিচয় নারীর (আনুমানিক ৫০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রেলওয়ের পাশের একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, তাঁর পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানা, পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।
এদিকে, কুমিল্লার দেবিদ্বারে নিজ মা ও ছয় মাসের ভাতিজিকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার যুবক ইমন মিয়া। গত সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪-এর বিচারক সায়মা শরীফ নিশাতের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর বিচারক তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
(সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)
- বিষয় :
- মৃত্যু