সাবেক ১০ এমপির বিরুদ্ধে মামলা, চার্জশিট ও সম্পদের নোটিশ দিচ্ছে দুদক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৩
সাবেক দশ এমপির বিরুদ্ধে মামলা, চার্জশিট, সম্পদের নোটিশ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক সাতজন এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে ১৯টি মামলা করা হবে। সাবেক একজন এমপির বিরুদ্ধে চার্জশিট ও দুইজন এমপির সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হবে।
বুধবার কমিশন এসবের অনুমোদন দিয়েছে। সাংবাদিকদের এই তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
তিনি বলেন, শিগগির মামলাগুলো দায়ের করা হবে। আদালতে চার্জশিট দেওয়া হবে এবং সম্পদের হিসাব চেয়ে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হবে।
দুদক জানায়, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে ১ কোটি ১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, কুষ্টিয়া-৪ আসনের আরেক সাবেক এমপি আবদুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি মো. রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৪৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, ছোট ভাই দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. আবু জাহিরের বিরুদ্ধে ৯ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহম উল্লাহর বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে ৭৯ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন, তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনার বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকের ১৭টি হিসাবে ২১ কোটি ৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন, সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের স্বামী বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন চ্যানেলের সাবেক সিইও নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকের ১৯টি হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
এ ছাড়া নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, তার স্ত্রী আখতার জাহান বকুলের (গৃহিণী) বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের (রড সিমেন্টের ব্যবসা) বিরুদ্ধে বাবার সহায়তায় ৮১ লাখ ৭৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন, যশোর সদর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে ২৪ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ২ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, তার স্ত্রী জাকিয়া মাহাবুব ও এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ৭৫ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
একজন এমপির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন
সরকারের ১১ প্রকল্পের কোনও কাজ না করে বরাদ্দকৃত ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। গত বছরের ১৪ জুলাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা শিগগির চার্জশিটটি আদালতে পেশ করবেন।
সাবেক দুই এমপিসহ অন্যদের সম্পদের হিসাব চাওয়া হবে
কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি, তার স্ত্রী শাহীন আক্তার, ছেলে সামিয়া রহমান সানি, আব্দুল্লাহ আরমান এবং ভগ্নিপতি ওমর ফারুক এবং যশোর-২ আসনের সাবেক এমপি মো. মনিরুল ইসলামের সম্পদের হিসাব চেয়ে শিগগির তাদের কাছে নোটিশ পাঠানো হবে।
- বিষয় :
- মামলা
- চার্জশিট
- দুর্নীতি দমন কমিশন
- দুদক
- সাবেক এমপি