তিন দেশ থেকে আসছে দেড় লাখ টন সার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও মোট এক লাখ ৫৫ হাজার টন সার কিনছে সরকার। এর মধ্যে এক লাখ ১৫ হাজার টন এমওপি ও ৪০ হাজার টন ডিএপি। পাশাপাশি কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি আমদানিসহ ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে চারটি পৃথক প্রস্তাবে সার কেনায় মোট ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ টাকা।
কানাডা থেকে দুটি পৃথক প্রস্তাবে প্রতি টন ৩৮৩ দশমিক ৮০ ডলার দরে ৮০ হাজার টন এমওপি সার কেনা হবে। একই দরে রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। সৌদি আরব থেকে প্রতি টন ৮৮৫ ডলার দরে ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির দুটি পৃথক প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় বিদ্যমান জি-টু-জি চুক্তি সংশোধন এবং নতুন চুক্তি স্বাক্ষর করা হবে।
কাতার থেকে দুই কার্গো এলএনজি
জি-টু-জি ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী ৬ ও ২২ নভেম্বর তারিখে দুই কার্গো এলএনজি দেশে আসবে। সাম্প্রতিক সময়ে জ্বালানির চাহিদা মেটাতে প্রায় প্রতি সপ্তাহে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করছে ক্রয় কমিটি।
চীনা অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদার নিয়োগ
ইনভেস্ট বাংলাদেশ বাস্তবায়নাধীন ‘চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’-এর সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একাধিক পূর্তকাজে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) এসব কাজ করবে। এতে ব্যয় হবে তিন হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ টাকা।
সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। এ কাজে ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারটেমিনা ট্রান্স কন্টিনেন্টাল। এ জন্য ব্যয় হবে এক হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকা।
অনুমোদিত অন্যান্য ক্রয় প্রস্তাব
বৈঠকে ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের একটি পূর্তকাজের প্যাকেজও অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি ও মেসার্স বেলাল কনস্ট্রাকশন এ কাজ করবে। এতে ব্যয় হবে ১১৮ কোটি ৩৩ লাখ টাকা।
এ ছাড়া অভ্যন্তরীণ বাজার থেকে দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস এসব ডাল সরবরাহ করবে। প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। অন্য একটি প্রস্তাবে ৫০টি প্যাকেজে এক কোটি পিস পাটের বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ১৩টি প্রতিষ্ঠান এসব বস্তা সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১১১ কোটি ৮৬ লাখ টাকা।
- বিষয় :
- সার