ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শতভাগ ভাড়া বাড়াতে সরকারকে লঞ্চ মালিকদের আল্টিমেটাম

শতভাগ ভাড়া বাড়াতে সরকারকে লঞ্চ মালিকদের আল্টিমেটাম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১ | ০৭:০৯ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১ | ০৭:৩৪

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তেলের দাম বাড়ানোর কারণে লঞ্চ ভাড়াও শতভাগ বাড়াতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেল ৩টার দিকে সারা দেশের লঞ্চ মালিকদের সমন্বয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, 'জ্বালানী তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এই সব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করবো। এখনই লিখিত প্রস্তাব পাঠাবো। আশা করি আগামীকাল দুপুরের মধ্যে সরকার কর্তৃক আমাদের এ প্রস্তাবনা মেনে নেয়া হবে।'

তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।

জরুরি সভার সিদ্ধান্তের পর লঞ্চ মালিকরা বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্র্তপক্ষের চেয়ারম্যানকে লিখিত আবেদন জানান। আবেদনে তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর ফলে যাত্রী ভাড়া ১০০ কিমি পর্যন্ত ১.৭০ টাকার পরিবর্তে ৩.৪০টাকা এবং ১০০ কিমির উর্দ্ধে ১.৪০ টাকার স্থলে ২.৮০ টাকা নির্ধারণ করার অনুরোধ জানান তারা।  

উল্লেখ্য, সরকার বুধবার এক ঘোষণা ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি পনের টাকা বৃদ্ধি করে। পরদিন বৃহস্পতিবার এলপি গ্যাসের দামও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আরও পড়ুন

×