ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুটেক্স সাংবাদিক সমিতি

বছরজুড়ে সৃজনশীল কর্মকাণ্ড

বছরজুড়ে সৃজনশীল কর্মকাণ্ড
×

বুটেক্স সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও সমাজিক দায়বদ্ধতা বিকাশের একটি প্ল্যাটফর্ম

মো. রিফাত খান

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:০৯

বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা মানেই শুধু খবর সংগ্রহ, প্রতিবেদন লেখা কিংবা ক্যামেরার লেন্সে মুহূর্ত বন্দি করা– এ ধারণা অনেক আগেই বদলেছে। একজন শিক্ষার্থীকে নেতৃত্ব, দায়িত্ববোধ, যোগাযোগ দক্ষতা ও সামাজিক সচেতনতার চর্চায় এগিয়ে নিতে ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সাংবাদিক সমিতি তারই একটি উজ্জ্বল উদাহরণ।

আজ থেকে ১০ বছর আগে ২০১৬ সালের ৩১ জুলাই যাত্রা শুরু হয় বুটেক্স সাংবাদিক সমিতির। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জনকে গণমাধ্যমে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। শুরুতে অল্প কয়েকজন সদস্য নিয়ে পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ২০টিরও অধিক জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত বুটেক্সের শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে ক্যাম্পাসের খবর দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে। তবে বুটেক্স সাংবাদিক সমিতির পরিচয় শুধু সংবাদ প্রকাশে সীমাবদ্ধ নয়। জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশেও সমান গুরুত্ব দেয় সংগঠনটি। প্রতি বছর প্রকাশিত হয় বার্ষিক ম্যাগাজিন, যেখানে স্থান পায় ক্যাম্পাসজীবনের গল্প, গবেষণা, ফিচার, স্মৃতিচারণ, সাহিত্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল লেখা। ইতোমধ্যে দুটি বার্ষিক ম্যাগাজিন ‘অন্বেষণ’ ও ‘নবদর্পণ’ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে এমন ব্যক্তিদের নিয়ে ফিচার প্রকাশ করা হয়, যাদের অবদান হয়তো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে না, কিন্তু বিশ্ববিদ্যালয় ও সমাজে তাদের ভূমিকা অনস্বীকার্য। এভাবেই সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের গল্প তুলে ধরার একটি সামাজিক চর্চাও গড়ে তুলেছে সংগঠনটি। ক্যাম্পাসের যেকোনো অসংগতি, শিক্ষার্থীদের ভোগান্তি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে সমিতির সদস্যরা। দায়িত্বশীল সাংবাদিকতার নীতিকে অনুসরণ করে সমস্যার কথা যেমন প্রকাশ করা হয়, তেমনি সম্ভাবনার দিকগুলোও সামনে আনার চেষ্টা থাকে সমানভাবে।

সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত তারা একে অপরকে উৎসাহিত করে থাকে। সংবাদ বা ফিচার লেখা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল কনটেন্ট তৈরি, ফটোজার্নালিজমসহ বিভিন্ন বিষয়ে সদস্যদের সময়োপযোগী দক্ষতা অর্জনে উৎসাহিত করা হয়। পাশাপাশি শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক-সাংস্কৃতিক আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দলগত কাজের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকেও গুরুত্ব দেয় বুটেক্স সাংবাদিক সমিতি। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ সরাসরি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়, যেখানে সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এই প্রক্রিয়া সদস্যদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহি এবং নেতৃত্বের চর্চাকে আরও শক্তিশালী করে। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ মনে করেন, সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, অ্যাকাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময়, সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিই সমিতির অন্যতম লক্ষ্যএকই ধরনের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সংগঠনের সভাপতি আল জাবের রাফিও। তিনি মনে করেন, সাংবাদিকতা নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম।

আরও পড়ুন

×