ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শনির আখড়া

নির্মাণাধীন ভবনে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

নির্মাণাধীন ভবনে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩১

রাজধানীর শনির আখড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সেখানকার ২৪ ফুট রাস্তার ৮ নম্বর সড়কে সাফা টাওয়ার নামে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

ওই ভবনের নিরাপত্তাকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, জোসনা পঞ্চম তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেছেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের সহকর্মী রাজমিস্ত্রি মো. ইউনুস জানান, ভবনের ময়লা ফেলার কাজ করতেন জোসনা। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে নিচে যাচ্ছিলেন। তখন ভবনের নিরাপত্তাকর্মীর মাধ্যমে জোসনার পড়ে যাওয়ার খবর জানতে পারেন। 

নিহতের স্বামী মধু মিয়া জানান, জোসনার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। তিনি শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×