ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সেলিম আল দীন স্মরণে চার প্রদর্শনী

সেলিম আল দীন স্মরণে চার প্রদর্শনী
×

সেলিম আল দীন

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৪

নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করে ‘স্মরণে সেলিম আল দীন’ শিরোনামে দুটি নাটক নিয়ে চারটি প্রদর্শনীর আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। ২৭-৩০ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে প্রদর্শনীগুলো।

আয়োজনের প্রথম দুদিন, অর্থাৎ আজ ২৭ ও আগামীকাল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘যৈবতী কন্যার মন’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন আফরিন হুদা তোড়া। এরপর ২৯ ও ৩০ সেপ্টেম্বর একই সময়ে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের আরেক আলোচিত নাটক ‘ধাবমান’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন কৃপাকণা তালুকদার।

‘যৈবতী কন্যার মন’-এর গল্পে দর্শক ফিরে যাবেন অষ্টাদশ শতকের বাংলার এক জনপদে। লোকাচার, ধর্মবিশ্বাস ও মানুষের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে বেড়ে ওঠা কালিন্দীর জীবনে শংকর ও আলালের আগমন তৈরি করে প্রেম, পরিচয় ও বিশ্বাসের জটিল দ্বন্দ্ব। ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সামাজিক বিধান ও ধর্মীয় পরিচয়ের টানাপোড়েনের মধ্য দিয়ে নাটকটি শেষ পর্যন্ত মানুষের মানবিক পরিচয়ের প্রশ্ন সামনে আনে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। কালিন্দী চরিত্রে রয়েছেন দূর্বা, শিউল, পারিহান, ইলমা, শিফা, অথৈ, আয়াত ও সিথী।

শংকর চরিত্রে অভিনয় করছেন শুভ, সাবায়েত ও সানজিদ। আলাল চরিত্রে রয়েছেন প্রত্যয়, দুর্জয়, মাহাবুব ও সানজিদ। শ্রীকর চরিত্রে মাহাবুব, জগদম্বা চরিত্রে জয়ীতা, ভবানী চরিত্রে দূর্বা, হারাধন চরিত্রে শায়ক এবং গন্ধর্বদাস চরিত্রে সানজিদ অভিনয় করবেন। সূত্রধরের ভূমিকায় থাকছেন দুর্জয়, শিফা, সিথী, ইলমা ও মোশারফ। দেবদূত চরিত্রে মিতালী এবং শলপী চরিত্রে জয়ীতা ও শিউল রয়েছেন।

নির্দেশক আফরিন হুদা তোড়া জানান, সেলিম আল দীনের কাব্যময় ভাষা ও মানবপ্রেমের গভীর দর্শনকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কালিন্দীর প্রেম, আকুতি ও অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে সমকালীন সমাজের ধর্ম, পরিচয় ও মানবিকতার প্রশ্নও দর্শকের সামনে তুলে ধরতে চান তারা।

‘স্মরণে সেলিম আল দীন’ আয়োজন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা বলেন, ‘চার দিনের এ আয়োজনের মাধ্যমে সেলিম আল দীনের নাট্যভাবনা ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে আশা করছি।’

আরও পড়ুন

×